চকবাজারে দোকানের আগুনে দগ্ধ তৃতীয়জনের মৃত্যু
রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যুর পর আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অগ্নিকাণ্ডের ১০ দিন পর মৃত জাকির হোসেন (২৪)ওই দোকানের কর্মচারী ছিলেন।
বুধবার বেলা ১১টায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাকির মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
গত ২ জুলাইয়ের এ ঘটনার চারদিন পর ৭ জুলাই মারা যান চকবাজারের ব্যবসায়ী মো. মাসুম (৩৭), যিনি ওই ইলেকট্রনিক্স পণ্যের দোকানটির মালিক মামুনুর রশীদের বন্ধু।
এরপর মঙ্গলবার মারা যান দোকান কর্মচারী আবুল কাশেম (৬৫)।
এ ঘটনায় দগ্ধ শামীম হোসেন (৩৪) নামে আরেক কর্মচারীসহ দোকান মালিক মামুন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, আহতদের মধ্যে মামুনের শরীরের ১৮ শতাংশ ও শামীমের শরীরের ২৮ শতাংশ আগুনে পুড়ে গেছে।
গত ২ জুলাই গত রোববার বেলা সোয়া ১২টার দিকে লালবাগের রয়েল হোটেলের বিপরীত দিকে তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানে বিকট শব্দে আগুন লাগলে ওই সময় দোকানে থাকা পাঁচজন দগ্ধ হন।
চকবাজার থানার ওসি মামুনুর রশীদ তালুকদার বলেছিলেন, আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হন।
কোনো বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা।
