২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশকে মারধর: ছাত্রলীগ নেতা রিমান্ডে

নগরীর চান্দগাঁওয়ে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুই মামলায় ছাত্রলীগ নেতা মনির চৌধুরী ও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 08:47 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজ আলাদা দুটি মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মনির চৌধুরী এবং তার সহযোগী আমীর হোসেনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

সোমবার চান্দগাঁও রুপালি আবাসিক এলাকার বাসিন্দা দিদার আলমের কাছে পাওনা টাকায় আদায় করতে গিয়ে তাকে মারধর করেন মনির ও তার সহযোগীরা।

তখন দিদারের পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থানায় আসতে বলে। এর মধ্যে পুলিশের উপস্থিতিতে দিদারের লোকজন ডাকাত বলে চিৎকার করলে পাশের বাসার বাসিন্দা নগর গোয়েন্দা পুলিশের এএসআই সাদেক মোহাম্মদ নাজমুল হক সেখানে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে মনিরের লোকজন সাদেককে মারধর করে।

এ ঘটনায় রাতেই মনির ও আমীরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে দিদার ও পুলিশ কর্মকর্তা সাদেক বাদী হয়ে আলাদা দুটি মামলা করেন।

দুই মামলাতেই ছাত্রলীগ নেতা মনির এবং তার সহযোগী আমীরসহ ছয় জনকে আসামি করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম।

আদালতে কর্মরত পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মামলায় মনির ও আমীরকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদাভাবে পাঁচ দিন করে রিমান্ড চায় পুলিশ।

পুরনো খবর:

পুলিশকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক