এলজিইডির দুই প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
একটি প্রকল্পে রাস্তার কাজ কম করে অর্থ আত্মসাতের মামলায় এলজিইডির দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের সংশ্লিষ্ট শাখা এ অনুমোদন দিয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
আসামিরা হলেন- এলজিইডি পটিয়া উপজেলার প্রকৌশলী মুহাম্মদ জিয়াউল হক দুলাল, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাশিদুজ্জামান খাঁন এবং প্রকল্পের ঠিকাদার উদয় শংকর চাকমা।
মুহাম্মদ জিয়াউল হক দুলাল আগে বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
প্রণব কুমার বলেন, “আসামিদের বিরুদ্ধে অনুমোদিত অভিযোগপত্রটি শিগগিরই বিচারিক আদালতে উপস্থাপন করা হবে।”
তিনি বলেন, “আসামিরা গত ২০১২-১৩ অর্থবছরে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজার থেকে দুরছড়ি বাজার সড়কের ৮ হাজার মিটার থেকে ৯ হাজার ৪৬০ মিটার পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্ট ছিলেন।
“তারা পরস্পর যোগসাজশে প্রকল্পের ১৭২ মিটার রাস্তার কাজ কম করে প্রতারণার মাধ্যমে পরিমাপ বইতে পুরো কাজ করা হয়েছে বলে উল্লেখ করেন। এর মাধ্যমে সরকারের ছয় লাখ ৩৩ হাজার ২২৯ টাকা আত্মসাৎ করেন তারা।”
এ অভিযোগে ২০১৬ সালের ৮ মার্চ বাঘাইছড়ি থানায় একটি মামলা হয় বলে জানান প্রণব।
