২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনিকে টাকা দিতেই হবে: আদালত

ডেসটিনির দুই কর্ণধারের জামিনের ক্ষেত্রে তাদের আগের দেওয়া আদেশ অনুযায়ী কিছু অর্থ ফেরত দিতে বলেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

আপিল বিভাগের আগের আদেশ সংশোধন চেয়ে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের আবেদনের শুনানিতে সোমবার একথা বলেন তিনি।

গত বছরের ১৩ নভেম্বর আপিল বিভাগ দুটি শর্তে ডেসটিনির দুই শীর্ষ ব্যক্তির জামিন মঞ্জুর করে।

ওই শর্তে বলা হয়, ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তাদের লাগানো ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা ছয় সপ্তাহের মধ্যে জমা দিবেন।

জমা দেওয়ার প্রমাণপত্র হলফনামা আকারে দাখিলের পর তারা জামিন পাবেন।

আগের শর্ত পূরণে ব্যর্থ হলে দ্বিতীয় শর্ত হিসাবে সরকারি কোষাগারে দিতে হবে নগদ ২ হাজার ৫০০ কোটি টাকা।

এই দুই শর্তের একটি পূরণ করলেই তারা জামিন পাবেন।

সরকারি কোষাগারে জমা দেওয়া ওই অর্থ ডেসটিনিতে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে দুদক চেয়ারম্যানকে নির্দেশও দেয় আদালত।

কিন্তু গত আট মাসে আদালতের দেওয়া কোনো শর্তই পূরণ করতে পারেননি রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন।

এরপর তারা আপিল বিভাগের ওই আদেশ সংশোধন চেয়ে আবেদন করেন।

সোমবার শুনানির এক পর্যায়ে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “আপনার (ডেসটিনি) ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে?”

ব্যারিস্টার রোকন বলেন, ১৪৭ কোটি টাকা।

তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, “ডেসটিনির দায় তো তিন হাজার কোটি টাকা। জামিন পেয়ে একবার কারাগারের বাইরে এলে তারা এক টাকাও দেবে না, বরং আরও টাকা বাইরে পাচার করে দেবে।”

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় সাহারাকে যে ধরনের সুবিধা দিয়েছিল সে দেশের আদালত, একই সুবিধা ডেসটিনির কর্ণধাররাও পাবেন। কিন্তু শর্ত হচ্ছে আপিল বিভাগের ইতোপূর্বে দেওয়া আদেশ অনুযায়ী কিছু টাকা পরিশোধ করতেই হবে।

আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ শুনানিতে বলেন, “আবেদনকারীরা জেলে রয়েছেন। যে গাছ বিক্রি করে অর্থ দেওয়ার কথা, তা ছাগলে খেয়েছে, না মরে গেছে, তাও তারা জানে না। দুই মাসের জন্য জামিন দেওয়া হলে তারা অর্থ সংস্থানের ব্যাপারে পদক্ষেপ নিতে পারবেন।”

তখন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, “অর্থ পরিশোধের শর্তে হল-মার্কের অন্যতম কর্ণধার জেসমিন আরাকে জামিন দিয়েছিল আদালত। কিন্তু পরে ওই আদেশও প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিও আমাদের জানা রয়েছে।

“একবার জামিন দিলে তাদেরকে আর ভেতরে (জেলে) নেওয়া যাবে না।”

এ পর্যায়ে প্রধান বিচারপতি আবেদনকারীদের আইনজীবীকে বলেন, “ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সে বিষয়ে একটি হিসাব দাখিল করুন। শুনানির জন্য রোববার বিষয়টি কার্যতালিকায় থাকবে।”

শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।