২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট গবেষণা ইনস্টিটিউট বিল সংসদে পাস

কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে পাট ও পাট জাতীয় ফসলের উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসহ পাটের বহুমুখী ব্যবহারের লক্ষ্যে প্রযুক্তি উদ্ভাবন ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণার পরিচালনার জন্য নতুন আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 08:59 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

১৯৭৪ সালের ‘বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট অ্যাক্ট’ বাতিল করে নতুন আইন করতে ‘বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ সোমবার সংসদে পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যদের দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

গত ৮ মার্চ বিলটি সংসদে তোলেন কৃষিমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

গত বছরের জুলাই মাসে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়।

১৯৭৪ সালের আইনটি পরিমার্জন করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, ইনস্টিটিউট পাট ও সমশ্রেণির আঁশ ফসলের কৃষি, কারিগরি ও অর্থনৈতিক গবেষণা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও পরিচালনা এবং আঁশজাত ফসল উৎপাদন এবং গবেষণার ফলাফল সম্প্রসারণ করবে।

বিলে বলা হয়েছে, সরকারের পূর্বানুমোদনক্রমে বাংলাদেশের যে কোন স্থানে উহার আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্র স্থাপন করতে পারবে।

ইনস্টিটিউট পাট ও সমশ্রেণির আঁশ ফসল, পাটজাত পণ্য ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পাইটলট প্রকল্প করতে পারবে বলে বিলে বলা হয়েছে।

ইনস্টিটিউট পরিচালনার জন্য ১৭ সদস্য বিশিষ্ট বোর্ড থাকবে। ইনস্টিটিউটের মহাপরিচালক বোর্ডের চেয়ারম্যান হবে। মহাপরিচালককে সরকার নিয়োগ করবে বলে বিলে বলা হয়েছে।

বিলে আরও বলা হয়েছে, পাট সম্পর্কিত উদ্ভূত কোনো সমস্যা নিরসন বা পাটের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কোন প্রযুক্তি বা কৌশল উদ্ভাবনের জন্য ইনস্টিটিউট সরকারের অনুমোদন নিয়ে গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ১৯৭৪ সালে ইনস্টিটিউট  প্রতিষ্ঠার পর তিনবার আইনটি সংশোধন করা হয়। সর্বশেষ সামরিক শাসনামলে ১৯৮৩ সালে এটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়।