খালেদার দুর্নীতির মামলা: সাত ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আদালত
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ট্রাস্ট এবং বিএনপির দলীয় সাতটি ব্যাংক হিসাবের বিবরণী এবং লেজার বুক তলব করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
একই সঙ্গে এ মামলায় এবং এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ১৩ জুলাই ঠিক করা হয়েছে বলে খালেদার আইনজীবী নূরজ্জামান তপন জানিয়েছেন।
তিনি বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এ মামলায় যেসব ব্যাংক হিসাবের কথা উল্লেখ রয়েছে ওইসব ব্যাংক হিসাবের বিবরণ এবং লেজার বুক জব্দ করা হয়নি। যার কারণে তদন্তে ত্রুটি রয়েছে।”
এদিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে জেরা করেন খালেদার আইনজীবী আব্দুর রেজ্জাক খান এবং আমিনুল ইসলাম।
পরে বিচারক ১৩ জুলাই অবিশিষ্ট জেরার তারিখ রাখেন।
অন্যদিকে এদিন জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে হাই কোর্টের দেওয়া পুনঃতদন্তের আবেদন খারিজ করার আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
ওই মামলায়ও সময়ের আবেদন মঞ্জুর করে আদালত আগামী ১৩ জুলাই পরবর্তী দিন ঠিক করেন।
