২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথি জাল করে জামিন নিয়ে পলাতক আসামি

মামলার এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন নিয়ে পালিয়েছেন হুমায়ন কবির জনু নামে অস্ত্র মামলার এক আসামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 06:50 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

একই মামলার আরেক আসামি শহর আলী ওরফে লিটন হাই কোর্টে জামিন নিতে গেলে এই জালিয়াতির বিষয়টি ধরা পরে।

এরপর হাই কোর্ট আসামি জনুকে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জালিয়াতির ঘটনায় কারা জড়িত, তা বের করে মামলা করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

আসামি শহর আলীর পক্ষে আদালতে জামিন আবেদন করেন নাসিমা আক্তার শানু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোর্শেদ।

মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুগদা থানাধীন বিশ্ব রোডের গার্মেন্টস গলির সামনের রাস্তায় অস্ত্র ও গুলি কেনা-বেচার সময় চারজনকে গত বছরের ১৩ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় জুনু ও শহর আলী গ্রেপ্তার হন।

“গত ২৭ ফেব্রুয়ারি নথি জাল করে হাই কোর্ট থেকে নেন আসামি জনু। সেদিন জনুর পক্ষে আদালতে জামিন আবেদন করেছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।”

“আজ ওই মামলার অপর আসামি শহর আলী হাই কোর্টে জামিন নিতে আসলে জালিয়াতি করে জামিন নেওয়ার বিষয়টি ধরা পরে।”

শহর আলীর আইনজীবী নাসিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি জনু হাই কোর্টে জামিন পেয়েছেন। সে হিসেবে শহর আলীও জামিন পেতে পারেন। তখন আদালত জনু ও শহর আলীর জামিন আবেদন পর্যালোচনা করেন।

“তখনই আদালতের কাছে ধরা পড়ে মামলার মূল এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন আবেদন করেছিলেন জনু।”

জনু যে নথি দাখিল করেছিলেন, তাতে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারের বিষয়টির উল্লেখই ছিল না বলে জানান এই আইনজীবী।

“পরে হাই কোর্ট জনুর জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আর আসামির শহর আলীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।”