২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাল্টিফ্যাবসের মালিককে গ্রেপ্তারে উকিল নোটিস

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে চব্বিশ ঘণ্টার মধ্যে মামলা করে তাদের গ্রেপ্তারের দাবিতে উকিল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 04:43 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাইফুর রহমানের পক্ষে অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের ওই নোটিস পাঠান।

গত ৩ জুন সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের একটি কারখানার ডাইং সেকশনের বয়লার বিস্ফোরিত হলে চারতলা কারখানা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় অর্ধশত মানুষ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই বয়লারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। ঈদের ছুটির পর কারখানা খোলার আগের দিন কর্তৃপক্ষ বয়লারের মেইন স্টপ ভাল্ভ বন্ধ রেখে প্রেসার তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়।

অ্যাডভোকেট আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অবহেলা, মেয়াদোত্তীর্ণ বয়লার ব্যবহার এবং কারখানা খোলার আগেই শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা এবং ১৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই উকিল নোটিস দেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জয়দেবপুর থানার পরিদর্শককেও (তদন্ত) নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে।  

সেখানে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিকের ‘অপরাধ ঢাকার জন্য’ নিহত তিন শ্রমিক আব্দুস সালাম (৪৮), শ্রমিক মনছুরুল হক (৪১) ও এরশাদ হোসেনসহ (৩৭) ক্ষতিগ্রস্থদের বিরুদ্ধে মামলা করেছেন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশিদ।

“নিহত সালামের ছেলে হাসান জানিয়েছেন, তার বাবা ওই ফ্যাক্টরিতে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করে আসছিলেন। কারখানার বয়লার ছিলো পুরনো ও ফিটনেসবিহীন। মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেও কোনো ব্যবস্থা তারা নেয়নি। ঘটনার দিন তার বাবার ডিউটি না থাকলেও ম্যানেজার টেলিফোনে তাকে কাজে যোগ দিতে বাধ্য করেন।কারখানার মালিক ও কর্তাব্যক্তিরা এ ঘটনার দায় এড়াতে পারে না।”

Image
মাল্টিফ্যাবস লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী

মাল্টিফ্যাবস লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী

মঙ্গলবার রাতে পুলিশের দায়ের করা ওই মামলায় কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী বা কর্মকর্তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।

নোটিসে বলা হয়, “ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দেওয়ার আগেই মামলা করার অর্থ হল অপরাধ ধামাচাপা দেওয়া। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা।”

ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারাখানার মালিক, মহা ব্যবস্থাপক ও ব্যবস্থাপককে আসামি করে মামলা, তাদের গ্রেপ্তার ও নিহতদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়েছেন আইনজীবী মো. সাইফুর রহমান।

আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়ে নোটিসে বলা হয়, তা না হলে বিবাদীদের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করা হবে।