২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের সময় চাপ এলে আইনের সর্বোচ্চ প্রয়োগ: শাহাদাত

দায়িত্ব পালনে এখন কোনো চাপ পাচ্ছেন না এবং সংসদ নির্বাচনের সময়ও একই অবস্থা থাকবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 10:13 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

চাপ এলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেই তা সামলাবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।

শাহাদাত হোসেন বুধবার নির্বাচন ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “এখনও কোনো চাপ আমরা পাইনি। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সরকারের যে দায়িত্ব, এখনও আমরা মনে করছি যেটুকু আমরা দেখতে পাচ্ছি। সেটুকুতে আমার বিশ্বাস যে, সেটা আমরা পারব।”

সংবিধান অনুযায়ী, নির্বাচিত বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেই পরবর্তী নির্বাচন হবে।

নির্বাচনের সময় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়ে আসছেন।

অন্যদিকে গতবার ভোট বর্জনকারী বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে চাপমুক্তভাবে নির্বাচন সম্ভব নয়। এই যুক্তি দেখিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে তারা।

Image
শাহাদাত হোসেন চৌধুরী (ফাইল ছবি)

শাহাদাত হোসেন চৌধুরী (ফাইল ছবি)

চাপের বিষয়ে নির্বাচন কমিশনার শাহাদাত বলেন, “আমার বিশ্বাস কোনো রকমের চাপ থাকবে না।

“আর চাপ আসলেও সেটা যেটুকু আমাদের প্রয়োগ করার ক্ষেত্র আছে, সেটুকু আমরা প্রয়োগ করব; এটুকু এখন পর্যন্ত আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে নয়, নিরপেক্ষ। সুতরাং যারাই নির্বাচন করবে, অবশ্যই কমিশন সবার জন্য সমান সুযোগ দেবে।”

তার জন্য কী পদক্ষেপ নেবেন- প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলকে কোনো রকমের অতিরিক্ত সুবিধা না দিলেই তো সেখানে সবার জন্য লেভেল প্লেয়ং ফিল্ড’ হবে।”

নির্বাচন কমিশনের সফল হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর আস্থা থাকার উপর গুরুত্ব দেন শাহাদাত। নিজেদের কার্যক্রমের মধ্য দিয়ে সেই আস্থা অর্জনেও আশাবাদী তিনি। 

“আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারলে সেটা লোকজন দেখবে, তার উপর ভিত্তি করে তাদের আস্থার জায়গাটা ফিরে আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের আস্থা ফিরে আসবে।”

পুরনো খবর:

সরকারের কথা না শুনতে ইসিকে খালেদার আহ্বান
প্রয়োজনে হাসিনাকে নামিয়ে নির্বাচন: খালেদা