জমি নিবন্ধনে দুর্নীতি মামলার অভিযোগপত্র অনুমোদন দুদকে
সরকারের রাজস্ব আত্মসাতের অভিযোগে এক মামলায় শরীয়তপুরের সাব রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার দুদক প্রধান কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয় জানিয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।
মামলায় আসামিরা হলেন- শরীয়তপুর সদরের সাব-রেজিস্ট্রার ও সিলেটের সাবেক সাব-রেজিস্ট্রার আতাউর রহমান, সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আবুল হাসনাত, সুবিধাভোগী মো. মুহিবুর রহমান ও কয়েস আহমদ।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে সরকারের জমির স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, উৎস কর ও স্থানীয় সরকার কর বাবদ তিন লাখ ৭৮ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেন।
এ অভিযোগে ২০১৫ সালের ৩১ মে সিলেট কোতোয়ালি থানায় দুদকের সহকারী পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বাদী হয়ে মামলা দায়ের করেন।
এরপর দুদকের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল মামলাটি তদন্ত করেন।
কক্সবাজারের ৩ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ভূয়া বিলের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা ও ব্যাংকারসহ পাঁচজনের বিরুদ্ধে তিন মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।
বুধবার দুদকের অনুমোদন করা অভিযোগপত্রগুলো শিগগির বিচারিক আদালতে দাখিল করা হবে বলে সংস্থাটির উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানান।
এসব মামলার আসামিরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর নাছির উদ্দিন মো. আবু সুফিয়ান, টেকনাফ উপজেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুচ ছবুর, সোনালী ব্যাংক কক্সবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবু তাহের, ব্যাংকটির চট্টগ্রামের পটিয়া শাখার প্রিন্সিপাল অফিসার মো. গোলাম রহমান এবং টেকনাফ শাখার প্রিন্সিপাল অফিসার কানন কুমার দত্ত।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, পরস্পর যোগসাজশে ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভুয়া অস্তিত্বহীন কর্মচারীদের নামে ও প্রকৃত কর্মচারীর নামে বেতনের চেয়ে অতিরিক্ত বেতন-ভাতা এবং শিক্ষা বৃত্তি দেখিয়ে ভুয়া বিলের মাধ্যমে এক কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৬৩৭ উত্তোলন করে আত্মসাত করেন।
এসব অভিযোগে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কক্সবাজার মডেল থানায় তিনটি আলাদা মামলা করে দুদক। পরে দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার মামলাগুলো তদন্ত করেন।
ঘটনার সময় আসামি সবাই কক্সবাজার জেলা সদরে কর্মরত ছিলেন বলে প্রণব কুমার জানিয়েছেন।
