২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতে কর্মরতদের দক্ষতা বাড়ানোয় জোর প্রতিমন্ত্রীর

বিদ্যুতের ভবিষ্যত চাহিদা মেটানোর প্রস্তুতি হিসাবে এই খাতে দক্ষ নেতৃত্ব তৈরির উপর জোর দিচ্ছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 11:20 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

মঙ্গলবার ঢাকায় বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, “বিদ্যুতের বিভিন্ন খাতের প্রকল্প পরিচালকদের কীভাবে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা যায়, সেদিকে নজর দিতে হবে।

“বিদ্যুত খাতের একজন প্রকৌশলীর শুধু ব্যবস্থাপনায় নয়, কারিগরি বিষয়েও দক্ষতা থাকা প্রয়োজন। কারণ ভবিষ্যতে তাদেরকে তিন থেকে চারশজন বিভিন্ন পদের ও দায়িত্বের জনবলের নেতৃত্ব দিতে হবে।”

কর্মশালায় বিভিন্ন কোম্পানির ১৮৯ জন অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় চলমান এই প্রকল্পে এর আগে প্রায় ১৩শ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনলাইন কোর্সের মাধ্যমে আরও বেশি জনশক্তিকে এর সঙ্গে যুক্ত করা হবে বলে জানান আয়োজকরা।

প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “পৃথিবী প্রতিদিনই নতুন নতুন ডাইমেনশনের দিকে যাচ্ছে। কোনো প্রযুক্তিই এক জায়গায় স্থির থাকছে না। সে কারণে বিদ্যুত খাত নিয়ে সরকারের মাস্টার প্লান বার বার পরিবর্তন করতে হচ্ছে।”

তিন হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের জনশক্তি দিয়ে এখন ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে এই পরিমাণ ২৪ হাজার মেগাওয়াট, সেখান থেকে ৩০ হাজার মেগাওয়াটের দিকে যাবে।

“প্রতিনিয়তই বিদ্যুতের নতুন নতুন গ্রাহক যুক্ত হচ্ছে। তাদের সেই চাহিদা মেটানো সরকারের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের বিষয়টি মাথায় রেখে জনশক্তিকে সামনে আগাতে হবে।”

ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতায় যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান রিকারডো এনার্জি অ্যান্ড এনভাইরনমেন্ট এই কর্মশালা করছে।

রিকারডো এনার্জির টিম লিডার আরবাজ নাঈম, প্রকল্প পরিচালক ও ম্যানেজিং কনসালটেন্ট জনাথন হেচকক, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমতউল্লাহ দস্তগীর, সিবিআইএসপি প্রকল্পের পরিচালক ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব উল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।