রাষ্ট্রপতির সঙ্গে উগান্ডার দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত উগান্ডার অনাবাসিক হাই কমিশনার এলিজাবেথ পওলা নাপিয়োক।
সোমবার বিকেলে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় বিদায়ী হাইকমিশনার তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
“দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি এসময় বলেন, উগান্ডা তার কৃষিখাতে বাংলাদেশের দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করতে পারে।”
রাষ্ট্রপতি এ সময় দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বিদায়ী দূত সাক্ষাতের সময় বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নের প্রশংসা করেন এবং তার দেশের উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহের কথা জানান।
বিদায়ী দূত আশা করেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ আরও অভাবনীয় উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
রাষ্ট্রপতির কার্য়ালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
