২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি অত্যন্ত হতাশ: অ্যাটর্নি জেনারেল

বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অবৈধ’ ঘোষণার রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 06:01 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

সোমবার আপিল বিভাগের রায়ের পর নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের যে আশা ছিল, স্বপ্ন ছিল সংবিধানের মূল অনুচ্ছেদ ৯৬ তে ফিরে যাব, সেটা আর হল না। আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি এবং হতাশ হয়েছি।”

রাষ্ট্রপক্ষ এই রায় পুনর্বিবেচনার আবেদন করবে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “সেটা এই মুহূর্তে বলা যাবে না, মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে, সরকারের সঙ্গে আলাপ করে আমার মতামত জানাব।”

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলেও বঙ্গবন্ধুর সময় চতুর্থ সংশোধনীতে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।

আওয়ামী লীগ সরকার ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনে। কিন্তু কয়েকজন আইনজীবীর রিট আবেদনে ২০১৬ সালে হাই কোর্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে।

রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগ সোমবার হাই কোর্টের রায় বহাল রাখে।

মাহবুবে আলম বলেন, “১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ লোক প্রাণ দিয়েছিল, দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল। ১৯৭২ সালে আমাদের সংবিধান রচিত এবং গৃহিত হয়েছিল। বঙ্গবন্ধু ওই সংবিধান সম্পর্কে বলেছিলেন, এই সংবিধান রক্তের অক্ষরে লেখা। আমাদের স্বপ্ন ছিল সংবিধানের মূল ধারাগুলোতে ফিরে যাওয়া এবং পঞ্চম, সপ্তম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনীর মামলার রায়ের মাধ্যমে আমরা ফিরেও গিয়েছিলাম। কিন্তু… আমি অত্যন্ত হতাশ।”

আপিল বিভাগ হাই কোর্টের রায় বহাল রাখলেও সেই রায়ের কিছু পর্যবেক্ষণ বাদ দিয়েছে (এক্সপাঞ্জ) জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “বাদ দেওয়াই উচিৎ। কারণ সংসদ সদস্যদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য হাই কোর্ট দিয়েছিল, সেটা খুবই আপত্তিকর।”

হাই কোর্টের ওই রায়ে ষোড়শ সংশোধনীকে একটি ‘কালারেবল লেজিসলেশন’ (কোনো কাজ সংবিধানের মধ্যে থেকে করার সুযোগ না থাকলে আইনসভা যখন ছদ্ম আবরণে ভিন্ন প্রয়োজনের যুক্তি দেখিয়ে একটি আইন তৈরি করে), বলা হয়েছিল। তবে রায়ের কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে তা জানা যাবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর।

হাই কোর্টের ওই রায় সে সময় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছিল, সংসদে হয়েছিল ওয়াকআউট। অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপি হাই কোর্টের রায়ের পক্ষে অবস্থান জানিয়েছিল।

আপিলের রায়ের পর একে ‘জনগণের বিজয়’ হিসেবে বর্ণনা করেছে বিএনপি। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ পূর্ণাঙ্গ রায় দেখে তারপর প্রতিক্রিয়া জানাবে বলেছে।

রিটকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এর মধ্য দিয়ে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া ‘বেআইনি, অকার্যকর ও বাতিল’ হয়ে গেল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থাই বহাল থাকল।

তবে এ বিষয়ে মনজিল মোরসেদের সঙ্গে দ্বিমত পোষণ করে  অ্যাটর্নি জেনারেল বলেন, “আমার মতে যে সংবিধান সংসদ বাতিল করেছে, সেটা আপনা-আপনি পুনর্বহাল হবে না। আমার মতে এই পরিস্থিতিতে শূন্যতা বিরাজ করছে। সংসদের কাজ তো আর আদালত করতে পারে না।”

সংবিধান প্রশ্নে গুরুত্বপূর্ণ এই মামলার আপিল শুনানিতে প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার উত্তপ্ত বাক-বিতণ্ডা বেশ আলোচনার জন্ম দেয়।

একই সময়ে বিচারকদের চাকরিবিধির গেজেট প্রকাশ এবং ডেপুটেশনে থাকা বিচারবিভাগীয় কর্মকর্তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে বিচার বিভাগ ও সরকারের টানাপড়েন সংবাদের শিরোনাম হয়। 

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “দ্বন্দ্বের কথা আমি বলব না। আমার কথা হল, আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা মূল সংবিধানে ফিরে যাব… সেখানেই আমার দুঃখ, সেখানেই আমার হতাশা।”

সংবিধান পরিবর্তনশীল এবং আগামীতেও এর পরিবর্তন হতে পারে, তারপরও এই হতাশার কারণ জানতে চাইলে  তিনি বলেন, “এটা পরিবর্তনের প্রশ্ন না, এটা হল আগের জাযগায় ফিরে যাওয়া, পুনঃস্থাপন করা। তারচে বড় কথা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিষয়টি, এটা একমাত্র পাকিস্তান এবং আমাদের দেশে সামরিক সরকার এসে জিয়াউর রহমান এসে অন্যায়ভাবে করেছে। কাজেই আমাদের কথা হল, সংবিধান থেকে সামরিক শাসন আমলের যা কিছু তা মুছে ফেলতে চাই।”

আরেক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, “এর আগে যেসব সংশোধনী সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছিল, সেসব সংশোধনীর মাধ্যমে মূল সংবিধানকে পরিবর্তন করা হয়েছিল। আর এবারের সংশোধনীটা ছিল মূল সংবিধানে ফিরে যাওয়ার জন্য। তফাৎটা সেখানে। এটা বুঝতে হবে।

“পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার মাধ্যমে আমরা মূল সংবিধানে ফিরে গেছি। আর এই সংশোধনী আনা হয়েছিল মূল সংবিধানে ফিরে যাওয়ার জন্য, সেটি ব্যহত হল।”

আলোচিত এই মামলা এদিন রায়ের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে ছিল। সকাল ৯টায় আদালত বসার পরপরই এই রায় হওয়ার থাকলেও বিচারকরা এজলাসে আসেন ৮৫ মিনিট দেরিতে।

অ্যাটর্নি জেনারেলের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, “ভেতরে হয়ত উনারা (বিচারপতিরা) আলাপ-আলোচনা করেছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেই হয়ে থাকে।”

এই রায়ে সরকার ও প্রশাসনের কাজে কোনো প্রভাব পরবে কিনা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “সরকার চলে শাসনতন্ত্র অনুযায়ী। এখন দেখা যাক, বিচারপতিদের অপসারণের ব্যাপারে কী পদ্ধতি অনুসরণ করতে হয়…।”