২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ারের সাম্প্রদায়িক উসকানির মামলা ৬ মাস স্থগিত

সাম্প্রদায়িক উসকানি ও মানহানির অভিযোগে চার বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 04:37 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

পরে আইনজীবী সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেল অবকাশের আগে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেছিলেন এম কে আনোয়ার। আজ সে আবেদনের শুনানি নিয়ে আদালত রুলসহ এ আদেশ দিয়েছেন।”

২০১৩ সালের ৫ মে পল্টন ও গুলিস্তানে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেওয়া হয়, যাতে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ।

পরদিন ৬ মে এক সংবাদ সম্মেলনে এক কে আনোয়ার দাবি করেন, ওই ঘটনা হেফাজত কর্মীরা ঘটায়নি, দোকানে আগুন দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে।

ওই বক্তব্যের পরদিনই দেবাশীষ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এতে প্রথমে হাই কোর্ট থেকে দুই সপ্তাহের জামিন পেলেও জামিনের মেয়াদ শেষে ২০১৩ সালের ২৭ মে আদালতে আত্মসমপর্ণের পর কারাগারেও যেতে হয়েছিল বিএনপি নেতা আনোয়ারকে। পরে অবশ্য তিনি জামিনে মুক্ত হন।

আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, এ মামলায় ২০১৪ সালের ৭ অক্টোবর এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেয় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ।

বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

পুরনো খবর:

উসকানির মামলায় এম কে আনোয়ার অভিযুক্ত
এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ