সদরঘাটে ঈদফেরত যাত্রী রোববারও
ঈদের পর সপ্তাহ শেষে রোববারও সদরঘাট হয়ে নদীপথের জেলাগুলোর মানুষদের রাজধানীতে ফিরতে দেখা গেছে।
তবে এদিন ঈদ ফেরত যাত্রী দেখা গেলে ঘাটে চাপ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার ভোররাত থেকে ঈদফেরত যাত্রী নিয়ে লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে শুরু করে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর পরিবহন পরিদর্শক হুমায়ূন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, শনিবার সারাদিন ১২৫টি লঞ্চ সদরঘাট আসে আর রোববার দুপুর ১২টা পর্যন্ত আসে ৮৯টি লঞ্চ।
সুন্দরবন গ্রুপের মহাব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, বরিশাল থেকে তাদের কোম্পানির চারটি লঞ্চ গতরাতে ছেড়ে সকালে ঢাকায় আসে।
সব কয়টি লঞ্চ নিরাপদের সদরঘাটে আসে জানিয়ে তিনি বলেন, “যাত্রী সংখ্যাও ছিল মোটামুটি ভালো।”
এদিকে ভোরে সদরঘাটে আসা যাত্রীদের কোনো ধরনের নিরাপত্তাহীনতায় যাতে না পড়তে হয় সেজন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে জানান কোতায়ালি থানার পরিদর্শক (অপারেশন) মো. মওদুদ হাওলাদার।
তিনি বলেন, ঈদের আগে সদরঘাট দিয়ে যাত্রীরা ঈদ উদযাপন করতে যাওয়ার সময় ঘাটে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আসার সময়ও ঠিক ওই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদ ছিল ২৬ জুন। ঈদ উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি শেষে ২৮ জুন বুধবার থেকে ইতোমধ্যে অফিস-আদালতের কার্যক্রম শুরু হয়েছে।
তবে এর একদিন পর শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় মাঝের দুদিন রাজধানীর কর্মচঞ্চলতা পুরোদমে শুরু হতে দেখা যায়নি। এরকম ক্ষেত্রে মাঝের কর্মদিবসে ছুটি নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে বাড়তি সময় কাটিয়ে সাধারণত কাজে ফেরার পর ব্যস্ততা শুরু হয়।
