২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে দোকানে আগুন লেগে পাঁচজন দগ্ধ

রাজধানীর চকবাজারে রোববার একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 01:50 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

চকবাজার থানার ওসি শামীম রশিদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ১২টার দিকে লালবাগের রয়েল হোটেলের বিপরীত দিকে তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “ওই দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।”

আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হন বলে জানান ওসি।

আহতরা হলেন- মো. জাকির (২০), আবুল কাশেম (৬৫), মো. শামীম (২৫), মো. মাসুম (৩৭) এবং দোকান মালিক মামুনুর রশিদ (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“কোনো বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।”

শামীম রশিদ বলেন, ওই দোকানের উপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে। তবে সেসব বাসায় কোনো ক্ষতি হয়নি।