২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজ ভাবনায় ত্রুটি আছে কি না ভাবতে হবে: নূর 

দেশের সমাজ ও শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক চেতনা বা সমাজ ভাবনায় কোথাও ত্রুটি আছে কি না তা ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 01:59 AM

Updated : 19 Aug 2022, 04:59 PM

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘জঙ্গিবাদ রুখে দাঁড়ায় বিশ্ব মানবের রক্ত ধারা’ শিরোনামের এই সমাবেশ থেকে ধর্মের নামে মানুষ হত্যা বন্ধ করতে ‘সামাজিক শিক্ষা ও সংস্কৃতির’ সমন্বয়ে বড় ধরনের কর্মসূচি পালনের শপথ নেওয়া হয়।

হলি আর্টজানের ঘটনাকে ‘নৃশংসতম ও নিষ্ঠুরতম’ ঘটনা উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন , “বাংলাদেশে এমন একটি দিন আসতে পারে, তা আমাদের বিশ্বাসের মধ্যে ছিল না। এদেশের মানুষ সকল ধর্মের মানুষ- হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান, আদিবাসী ও সমতলের মানুষ হাজার বছর ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করেছেন। সেই রকম একটি দেশে এ ধরনের ঘটনা গোটা জাতিকে শোকে স্তব্ধ করে দিয়েছিল।”

“মানুষ মনে হয় সেদিন অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছিল। প্রত্যেকের হৃদয়ের ভেতরে কান্না গুমরে গুমরে উঠেছিল। কি করে মানুষ এমন নিষ্ঠুর হতে পারে! কতগুলো বিপদগামী তরুণ, যাদের বয়স কুড়ি থেকে পঁচিশ, তারা কতগুলো নিরপরাধ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করল।”

ঘটনার দিন রাতে ঘাতকরা হলি আর্টিজানের বাবুর্চিকে টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করতে বলেছিল- এমন তথ্য জানিয়ে তিনি বলেন, যারা লাশের উপর বসে এ কথা বলতে পারে, তারা কোনো ধর্মের মানুষ হতে পারে না, কারণ ধর্ম মানুষকে হত্যা করতে শেখায় না।

দেশের সমাজ ও শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক চেতনা বা  সমাজ ভাবনায় কোথাও কোন ত্রুটি ঘটছে কিনা তা ‘বিপুলভাবে’ ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী।

“আমাদের মনোজগতে যে পরিবর্তনগুলো ঘটেছে, সেখানে আমাদের বড় কাজ। শিক্ষা, আমাদের সংস্কৃতি চর্চা, আমাদের সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক এ বিষয়গুলোকে নিয়ে একটি সম্মিলিত কর্মসূচি নিয়ে অগ্রসর হওয়া উচিত।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশের মানুষ যেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আবার নতুন করে জেগে উঠেছে। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে।

তার সঙ্গে সুর মিলিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক বলেন, “চরম কৃষ্ণ মুহূর্তেও বাঙালি তার মানবতাবোধের বিশ্বাসটুকু হারায়নি।তারা ধর্মের নামে মানুষ হত্যার মতো চরম অন্যায় আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেই।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন,  পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে প্রতিষ্ঠিত করতে চেয়েছে।

“আজকে আমাদের অনুধাবন করতে হবে-  বাংলাদেশ এখন কোথায় আছে, বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এ দেশে স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক রাজনীতির কোনো অধিকার থাকতে পারে না।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছও মনে করেন- অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করে ধর্মীয় গোষ্ঠী বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন ও বন্ধুহীন’ করতে চেয়েছে। 

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সংস্কৃতিকর্মীরা সত্য ও সুন্দরের পক্ষে দাঁড়িয়ে ধর্মান্ধ অপশক্তিকে রুখে দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

পরে কবি তারিক সুজাত ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ (http://arts.bdnews24.com/?p=7836) কবিতাটি পাঠ করেন। কবিতায় তিনি স্মরণ করেন হলি আর্টিজানে নিহত ইতালিয়ান নাগরিক অন্তঃস্বত্তা সিমোনা মন্টিকে। কবি আসাদ চৌধুরীও একটি কবিতা পাঠ করেন।

সম্প্রীতির দেশ বাংলাদেশ মুষ্টিমেয় কিছু মানুষের জন্য সারা বিশ্বে ‘সাম্প্রদায়িক দেশ’ হিসেবে পরিচিত হতে পারে না বলে মন্তব্য করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

জঙ্গিবাদ,সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলায় প্রগতিবাদী রাজনৈতিক শক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্মভিত্তিক দলের সাথে আপোষ করতে গেলে তা হবে আত্মাহুতি। রাজনৈতিক দলগুলোকে আমরা এ বার্তা বুঝিয়ে দিতে চাই।”

হলি আর্টিজানের ঘটনার পর সংস্কৃতিকর্মীরা মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও সামাজিক ও রাজনৈতিক দলগুলো ততটা সক্রিয় হয়নি বলে অভিযোগ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

তিনি পহেলা জুলাইকে ‘জঙ্গিবাদ প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানালে তাতে সায় দিয়ে আসাদুজ্জামান নূর বলেন, “আমি সরকারের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে দাবিটি পৌঁছে দেব। এমনটা হলে দিনটিকে ঘিরে অসাম্প্রদায়িক চেতনার চর্চা আরও বিকাশ লাভ করবে।”

অন্যদের মধ্যে আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহাম্মদ নূরুল হুদা, জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর এবং নাট্যব্যক্তিত্ব ম.হামিদ সমাবেশে উপস্থিত ছিলেন।

গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদ, মহিলা পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ সমাবেশে এসে সংহতি জানায়।

সমাবেশ শেষে বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম ও তাদের দলের সঙ্গে ‘আমরা সবাই বাঙালি’ গানটি গেয়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন সংস্কৃতিজনেরা।