সুষ্ঠু বিচার চান হলি আর্টিজানে নিহতদের স্বজনরা
এক বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তাদের স্বজনরা।
শনিবার ওই হামলার বছর পূর্তিতে সকাল থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হলি আর্টিজানের সেই ভবনটি। নানা স্তরের মানুষ, বিভিন্ন সংগঠনের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসেছিলেন নিহতদের স্বজনরাও।
এসেছিলেন নিহত বাবুর্চির সকারী জাকির হোসেন শাওনের বাবা-মা, ভাই-বোন।
হলি আর্টিজানে হামলার কয়েক ঘণ্টার মাথায় শাওনকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে আটক করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে পুলিশ পাহারায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ পর সেখানে তার মৃত্যু হয়।
শাওনের বাবা আব্দুস সাত্তার নারায়ণগঞ্জের দক্ষিণ আদমজীর ভাণ্ডারিপুরে পিঠা বিক্রি করে পরিবারের খরচ চালাতেন। বাড়ি-বাড়ি কাজ করতেন মাকসুদা বেগম। মাত্র ১৯ বছর বয়সে ঢাকায় আসেন জাকির।
শ্রদ্ধা জানাতে এসে ছেলের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন জাকির হোসেন শাওনের মা মাকসুদা বেগম
কাঁদতে কাঁদতেই মাকসুদা জানান, হামলার রাতেই ছেলের ফোনকল পেয়েছিলেন।
“ছেলে আমারে বারবার কইতাছিল, ‘মাগো! মা! আমি বিপদে পড়ছি, তুমি আমারে উদ্ধার করে নিয়ে যাও’।”
এইটুকু বলেই কিছু বুঝে উঠার আগেই কলটি কেটে যায়, অনেকবার চেষ্টা করলেও এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় বলে জানান মাকসুদা।
শাওনের বোন সোনিয়া আক্তার জানান, বড় শেফ হওয়ার ইচ্ছা ছিল তার ভাইয়ের।
“আমাকে বলত ঢাকায় যেয়ে রান্না করবে বড় রেস্টুরেন্টে। সেই জন্যই এইখানে বাবুর্চির সহকারীর কাজ নিয়েছিল।”
শাওনের বাবা আব্দুস সাত্তার বলেন, “ঘটনা জেনে আমি পরের দিনই ঢাকা চইলে আসি, তিনদিন অনেক হাসপাতাল ও থানা ঘুরেও সন্ধান পাইনি। শুধু জানতে পারি তাকে আহত অবস্থায় পুলিশ ভ্যানে তোলা হয়।
“তিনদিন পর ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে খুঁজে পাই,ওর বুকে রক্তে মাখা ব্যান্ডেজ ছিল। পরে জানতে পারি হামলার দিন বোমার স্প্লিনটার ওর বুকে লেগেছিল। আট জুলাই ও মারা যায়।”
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমরা সরকার থেকে কোনো সাহায্য পাই নাই, মালিক পক্ষ থকে গত সাত-আট মাস পাঁচ হাজার করে টাকা পেয়েছি, এখন তাও বন্ধ।”
শ্রদ্ধা জানাতে এসেছিলেন নিহত সহকারী বাবুর্চি জাকির হোসেন শাওনের বোন
নজিরবিহীন ওই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে আরেক নিহত ইতালিয়ান বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদিত্তোর পরিবারের সদস্যরাও।
নাদিয়ার ভাইয়ের স্ত্রী সামিয়া ইয়াসমিন বলেন, “ আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক।”
দীর্ঘ ১৬-১৭ বছর ধরে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক নাদিয়া দেশে কাজ করছিলেন। হামলার দিনও নাদিয়া হলি আর্টিজান বেকারিতে দেশীয় ক্রেতাদের সঙ্গে বৈঠক করার জন্য এসেছিলেন বলে জানান সামিয়া।
“মনেই হয় না এক বছর হয়ে গেল ও নেই, ভাবি এই বুঝি ও ফোন দিল, মেসেজ পাঠাল।”
হামলার ঘটনার সময় নাদিয়ার পুরো পরিবার ইতালিতে ছিলেন বলে জানান সামিয়া।
হামলায় নিহত ডেক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক ইসরাত আখন্দের মামা বিচারপতি ওবায়দুল হাসানও এসেছিলেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
তিনি বলেন, “জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের ধর্মীয় কৃষ্টি কালচারের উপর গুরুত্ব দিতে হবে।”
