২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদফেরতদের ভিড়ে চাপ বেড়েছে ঢাকার সদরঘাটে

ঈদের সরকারি ছুটি তিন দিন আগে শেষ হলেও শনিবার ঢাকার সদরঘাটে ঈদফেরত যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 03:00 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

বুধবার থেকে সরকারি অফিসগুলো চালু হলেও এই ক’দিন যাত্রীর চাপ ছিল না বলে ঘাটে সংশ্লিষ্টরা জানান।

শনিবার ভোরে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে ব্যাপক ভিড় ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শুক্রবার) সারাদিনে ৮৫টি লঞ্চ এসেছিল, আজ সকাল সাড়ে ১০টার মধ্যেই ৮২টি লঞ্চ এসেছে।

“আজ সারাদিন লঞ্চ আসবে। সুতরাং বুঝতেই পারছেন কেমন যাত্রীর চাপ সদরঘাটে।”

এমভি প্রিন্স আওলাদ কোম্পানির মহাব্যবস্থাপক মো. মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল, বরগুনাসহ দক্ষিণাঞ্চল থেকে তার কোম্পানির ২০টি লঞ্চ আগের দিন ঢাকার উদ্দেশে রওনা হয়।

তার মধ্যে ১৪টি লঞ্চ ইতোমধ্যে সদরঘাটে ভিড়েছে বলে জানান তিনি।

রোববারও যাত্রীর চাপ থাকবে বলে মনে করেন মাহফুজ।

এদিকে ভোরে সদরঘাটে নেমে কোনো যাত্রী যেন নিরাপত্তাহীনতায় না পড়েন, সেজন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. মশিউর রহমান।