ঢাকায় তরুণীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
ঢাকার যাত্রাবাড়ীর জনপথ মোড়ে এক তরুণীকে উত্ত্যক্ত করায় এক যুবককে এক বছর কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ফাহিম হোসেন রাব্বির (২৫) বাসা যাত্রাবাড়ী এলাকায়, সায়েদাবাদে একটি কাপড়ের দোকান রয়েছে তার।
র্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বলেন, শুক্রবার ভোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মী সুনামগঞ্জ থেকে বাসে এসে যাত্রাবাড়ীতে নামেন।
ওই তরুণী মহাখালী যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এ সময় রাব্বি একটি মোটর সাইকেলে এসে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে।
২৫ বছর বয়সী ওই তরুণী বলাকা পরিবহনের একটি বাসে উঠলে রাব্বি ওই বাসের চালক ও তার সহকারীকে মেয়েটিকে বাস থেকে নামিয়ে দিতে বলে। বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে রাব্বি তাদেরও হুমকি দেয়।
হৈ চৈ শুনে র্যাবের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে রাব্বিকে গ্রেপ্তার করে বলে কামরুল হাসান জানান।
ওই তরুণী র্যাবের ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করে এবং রাব্বি দোষ স্বীকার করলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।
রাব্বিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা কামরুল।
