কমলাপুর স্টেশনে টিকেট কালোবাজারির দণ্ড
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক টিকেট কালোবাজারিকে গ্রেপ্তারের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
কালোবাজারি আনোয়ার হোসেনকে (৪৫) বৃহস্পতিবার দুপুরে স্টেশনে র্যাবের অস্থায়ী ক্যাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম এ কারাদণ্ড দেন।
পাশাপাশি আনোয়ারের কাছে পাওয়া নগদ ২৬ হাজার ৮৬০ টাকা জরিমানাও করা হয় বলে কমলাপুর রেলস্টেশনের আনসার কমান্ডার ইয়ার হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর পরে আনোয়ারকে জেলহাজতে পাঠানো হয়।
ইয়ার হোসেন বলেন, সকালে স্টেশনের সাত নম্বর টিকেট কাউন্টারে আনোয়ার ১২টি টিকেট সঙ্গে নিয়ে বিক্রির জন্য যাত্রী খুঁজছিলেন। এ সময় তাকে হাতে-নাতে আটক করা হয়। এরপর তল্লাশি করে সুনামগঞ্জ ও রাজশাহী পথের কয়েকটি ট্রেনের ১২টি টিকেট পাওয়া যায় তার কাছে।
আনোয়ার টিকেটগুলো স্টেশনের কাউন্টার থেকে নিয়ে বাইরে বিক্রি করছিল বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন।
