অভিনেতা তানভীর তনু কারাগারে
ধর্ষণের মামলায় গ্রেপ্তার অভিনেতা তানভীর তনুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি পুলিশের করা রিমান্ড আবেদন নাকচ করে শনিবার তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন বলে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী সুপার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তনুর আইনজীবী সিদ্দিকুর রহমান জামিনের আবেদন করলে তাও নাকচ করেন বিচারক।
এক তরুণীর অভিযোগের প্রেক্ষাপটে শুক্রবার দুপুরে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজের বাসা থেকে গ্রেপ্তার হন মডেল ও অভিনেতা তানভীর তনু।
পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই তরুণী।
মিরাশ উদ্দিন জানান, শনিবার রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোকাম্মেল হক আদালতে তনুকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
