মাতুয়াইলে বাস উল্টে নিহত ২
রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একুশে ড্রিম পরিবহনের একটি বাস শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় এই দুর্ঘটনায় পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। সাদ্দাম মার্কেট এলাকায় একট অটো রিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা মনিরুল ইসলাম ও পপি নামের ১২ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে একুশে পরিবহনের বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান তিনি।
