মাদক মামলায় পাকিস্তানির ১০ বছর কারাদণ্ড
চার বছর আগে হেরোইনসহ গ্রেপ্তার পাকিস্তানের এক নাগরিককে দশবছর কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ রায় দেন।
তাহির রিয়াজ নামের ওই পাকিস্তানি নাগরিককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী তাপস কুমার পাল জানিয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
খালাস পাওয়া দুইজন হলেন- পাকিস্তানি নাগরিক আকমল হোসেন ও বাংলাদেশি ইয়াকুব খান।
রায়ের বিবরণে জানা যায়, রাজধানীর গুলশান থেকে ২০১৩ সালের ১১ মার্চ প্রায় দুই কেজি হেরোইনসহ তাহির রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গুলশান থানার এসআই সোহেল রানা মাদকদ্রব্য আইনে মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল এসআই মনির হোসেন তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলায় নয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
