২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ লাখের বেশি সরকারি পদ শূন্য: সৈয়দ আশরাফ

দেশে সরকারি দপ্তরগুলোতে তিন লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 02:08 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত জবাবে তিনি এ তথ্য জানান ।

আওয়ামী লীগের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, “শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া। মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে কর্ম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৮ম-১২তম গ্রেড) শূন্যপদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এছাড়া ১৩-২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ জনবল নিয়োগ দিয়ে থাকে।”

তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন। মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩জন। এর মধ্যে প্রথম-নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদে এক লাখ ৪৮ হাজার ৮১৯টি।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্যে প্রথম গ্রেডে ৩৩৫জন, দ্বিতীয় গ্রেডে দুই হাজার ৩২৪ জন, তৃতীয় গ্রেডে চার হাজার ৬৭৭ জন, চতুর্থ গ্রেডে আট হাজার ১৩৪ জন, পঞ্চম গ্রেডে ১৫ হাজার ৭৯৪ জন, ষষ্ঠ গ্রেডে ৩৩ হাজার ৪১১ জন, সপ্তম গ্রেডে ৫ হাজার ৪৯৪ জন, অষ্টম গ্রেডে ৪ হাজার ৬৭৩ জন ও নবম গ্রেডে ৭৩ হাজার ৮৭৬ জন। এছাড়া ফিক্সড বেতনে রয়েছেন ১০১ জন।

দেশ দুধ ও ডিমের ঘাটতি

পিনু খানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক জানান, দেশে প্রতিদিন দুধের ঘাটতি দুই কোটি তিন লাখ ১৭ হাজার ৮০৮ লিটার ও ডিমের ঘাটতি এক কোটি ৩২ লাখ ২৬০টি।

মন্ত্রী জানান, দেশে প্রতিদিন চার কোটি দুই লাখ ৪৯ হাজার ৩১৫ লিটার দুধের চাহিদার বিপরীতে এক কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৫০৭ লিটার এবং চার কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৯৭৩টি ডিমের বিপরীতে তিন কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৭১৩টি ডিম উৎপাদিত হয়।

এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশে ২৬০ প্রজাতির মিঠাপানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, ১২ টি বিদেশি প্রজাতির মাছ, ২৪ প্রজাতির মিঠাপানির চিংড়ি ও ৩৬ প্রজাতির সামুদ্রিক চিংড়ি রয়েছে। আইইউসিএনের তথ্য অনুসারে, ২৮টি প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্তির পথে, ৫৪টি প্রজাতি হুমকিতে, ১২টি প্রজাতি খুবই বিপদগ্রস্ত ও ১৪টি প্রজাতি ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে।”

বৈশ্বিক উষ্ণতায় টেকসই উন্নয়নে বাধা

আওয়ামী লীগের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাবের ফলে বাংলাদেশ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এতে ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, লবণাক্ততার অনুপ্রবেশ ঘটেছে, যা বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

ক্ষমতাসীন দলের মো. আবুল কালামের প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী জানান, ভারতের সাথে আলোচনাপূর্বক তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পারিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদন হবে বলে আশা করা হচ্ছে। তিস্তা ছাড়াও ফেনী নদীর অন্তবর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মনু, মুহূরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর পানি বণ্টন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।