২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা ফাইবার নেট’ বন্ধ করেছে বিটিআরসি

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ‘ঢাকা ফাইবার নেট’ নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 06:37 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

‘ঢাকা ফাইবার নেট’ নামে প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে কিছু জঙ্গি কার্যক্রমে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে বিটিআরসি জানিয়েছে।   

লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে সংযোগ দেওয়া ও নির্দেশিত আইপি লগ সংরক্ষণ না করায় ঢাকা ফাইবার নেটের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই সাথে লাইসেন্সের শর্ত ও কমিশনের নির্দেশনা লংঘন করায় কেন লাইসেন্স বাতিল করা হবে না, তা ৭ দিনের মধ্যে জানাতে বলেছে বিটিআরসি।

বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ফাইবার নেট লাইসেন্স বিহীন আইএসপি কনফিডেন্ট নেটকে ব্যান্ডউইডথ সংযোগ দেয় এবং কনফিডেন্ট নেট ১৫০ জন গ্রাহককে সংযোগ দেয়।

ওই ১৫০ জন গ্রাহকের মধ্যে কিছু গ্রাহক সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত বলে আইন-শৃঙ্খলা বাহিনী জানায় বলে বিটিআরসি জানিয়েছে।

“ঢাকা ফাইবার নেট আইপি লগ সংরক্ষণ না করায় সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হচ্ছিল না এবং  আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা দুষ্কর হয়ে পড়ছিল।”

গত ৫ জুন পুলিশের ক্রাইম ইউনিট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিটিআরসি থেকে এ ধরনের নির্দেশনা সম্বলিত পত্র ‘ঢাকা ফাইবার নেট লিমিটেড’ ও সংযুক্ত সকল আইএসপি প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল আইআইজি প্রতিষ্ঠানকে পাঠানো হয় বলে জানায় বিটিআরসি।