মডেল জাকিয়া মুনের পোরশে বাজেয়াপ্ত
শুল্ক ফাঁকির অভিযোগে ফ্যাশন মডেল জাকিয়া মুনের ব্যবহৃত ব্রিটিশ নম্বর প্লেটের পোরশে গাড়ি বাজেয়াপ্ত করে তাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার শুল্ক আইন অনুযায়ী সোমবার এই সিদ্ধান্ত দেন বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গতবছর ৬ জুন গুলশানে জাকিয়া মুনের বাড়ির পার্কিং থেকে ব্রিটিশ নম্বরযুক্ত (AS05AUM) পোরশে গাড়িটি আটক করেন শুল্ক গোয়েন্দারা।
মইনুল বলেন, আফজাল আলী নামের এক ব্রিটিশ নাগরিকের নামে কারনেট সুবিধার আওতায় প্রায় ৩ কোটি টাকা দামের ওই গাড়ি আনা হয়েছিল যুক্তরাজ্য থেকে।
কিন্তু নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ফিরিয়ে না নিয়ে প্রায় ২ কোটি ২৭ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি অবৈধভাবে হস্তান্তর করা হয়, যা ব্যবহার করছিলেন জাকিয়া মুন।
২০১২ সালের ‘কেয়া শেঠ মিস অদ্বিতীয়া’ প্রতিযোগিতার বিজয়ী জাকিয়া মুন ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। তার স্বামী শফিউল আজম মহসীন প্যাসিফিক গ্রুপের মালিক। টেক্সটাইল, রিয়েল এস্টেট, অটোমোবাইল, এভিয়েশনসহ বিভিন্ন ব্যবসা রয়েছে প্যাসিফিক গ্রুপের।
এ বিষয়ে মুন বা শফিউল আজমের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক।
গাড়ি আটকের পর অনুসন্ধান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগ কাস্টমস হাউসের কমিশনারের কাছে অভিযোগ পাঠালে তিনি শুল্ক আইনে বিচারিক প্রক্রিয়া শেষে গাড়িটি বাজেয়াপ্ত করে জরিমানার সিদ্ধান্ত দেন বলে জানান মইনুল।
তিনি বলেন, “এক্ষেত্রে কারাদণ্ড দেওয়ার বিধান নেই। কমিশনার কেবল আটক সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও জরিমানা করতে পারেন।”
মইনুল জানান, গাড়ির আমদানিকারক আফজাল আলী এবং মুনের স্বামী ব্যবসায়ী শফিউল আজম মহসীনের বিরুদ্ধেও অভিযোগ এনেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করার কথাও শুল্ক গোয়েন্দা বিভাগ ভাবছে।
