২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নব্য জেএমবির’ ৬ সদস্য রিমান্ডে

রাজধানীতে নব্য জেএমবি সন্দেহে গ্রেপ্তার ছয় জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 05:02 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

পুরনো খবর:

ঢাকার মসজিদে তারাবির ইমাম ‘জেএমবির জঙ্গি’

নিউ মার্কেট থানার মামলায় সোমবার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম শাখার এসআই মনিরুল ইসলাম তাদের আদালতে হাজির করে দশ দিনের হেফাজত চান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রত্যেকের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে আদালত সংশ্লিষ্ট পুলিশের এসআই আনোয়ার হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এসময় আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।

এরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে মাশরুর (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদউল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) এবং শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ।

রোববার রাতে নিউ মার্কেট থানার নিউ সুপার মার্কেট এলাকা থেকে এই ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

এই ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এদের একজন সেখানে এক মসজিদে তারাবির নামাজ পড়িয়ে আসছিলেন।

এর সূত্র ধরে ওই সংগঠনের জঙ্গিরা নিয়মিত সেখানে সমবেত হয়ে একজন আলেমকে হত্যার পরিকল্পনা ছিল তাদের।

তাদের কাছ থেকে মোবাইল ফোন, নোট বুক, উগ্রমতবাদ প্রচারের কাগজপত্র, পেনড্রাইভ ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।