সম্পদের তথ্য গোপন: মাহমুদুরের স্ত্রীর বিরুদ্ধে মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে রোববার রাজধানীর রমনা থানায় মামলা করেন বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুদকে দাখিল করা ফিরোজা মাহমুদের সম্পদ বিবরণীতে দুটি ফ্ল্যাটের মূল্য ৭৩ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা দেখিয়েছেন। প্রকৃতপক্ষে ফ্ল্যাট দুটির মূল্য এককোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা।
“এখানে তিনি ৬৪ লাখ ১২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা তার জ্ঞাত আয়বর্হ্ভিূত সম্পদ।”
অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলা হয়েছে।
ফিরোজা বিএনপি আমলের সাবেক মন্ত্রী মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা তার বড় বোন।
মামলার এজাহারে বলা হয়েছে, ফিরোজা মাহমুদ সম্পদ বিবরণী দালিখ করলে এর সত্যতা যাচাইয়ে ২০১৬ সালে অনুসন্ধান করে দুদক। এতে দেখা যায়, তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সালের মধ্যে রাজধানীর গুলশান-২ এলাকার ৭৭ নম্বর রোডের ১ নম্বর বাড়ির ‘র্যাংগস কোমার গার্ডেনের’ তৃতীয় তলার ওই দুইটি ফ্ল্যাট কিনেন।
বৈধ উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি দখল বা মালিকানা অর্জনের অভিযোগে ২০১০ সালে ফিরোজা মাহমুদকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিস দেয় দুদক।
ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফিরোজা। সেই আবেদন নিষ্পত্তি করে ফিরোজা মাহমুদকে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয় আদালত।
