প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী আফগান দূতের সাক্ষাৎ
আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আফগান দূত রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আফগান রাষ্ট্রদূত তার বাংলাদেশে অবস্থানকালে তাকে সহায়তার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে আবদুল রহিম ওরাজ বলেছেন, “জনগণ আপনার নেতৃত্ব চায়।”
প্রধানমন্ত্রী অনেক সমস্যা সমাধান করেছেন বলেও মন্তব্য করেন আফগানিস্থানের বিদায়ী রাষ্ট্রদূত।
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সমর্থন দেবে এবং আফগানিস্তানের পাশে থাকবে।
মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদ উন্নয়নকে ব্যহত করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথাও এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
