২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কন্যার জয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ় হবে: স্পিকার

পুনরায় বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 05:01 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

এই তিন বাঙালি কন্যার বিজয়ে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হবে বলে শুক্রবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

স্পিকার বলেন, টিউলিপ সিদ্দিকের জয়লাভ বাঙালি জাতির জন্য গর্বের ও অহংকারের। রূপা হক ও রুশনারা আলীর জয়লাভে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও বেশী উজ্জ্বল হয়েছে।

নির্বাচিত এই তিন বাঙালি নারী যুক্তরাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবেন বলেও আশাপ্রকাশ করেন স্পিকার।

বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী এই তিন বাঙালি কন্যাই লেবার পার্টির প্রার্থী ছিলেন। ভোট গণনায় লেবারদের দুই বছর আগের চেয়ে ভালো ফল দেখা গেলেও ঝুলন্ত পার্লামেন্টের আভাসই দেখা যাচ্ছে।

৩৫ বছর বয়সী টিউলিপ প্রার্থী হন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২০১৫ সালে নিজের প্রথম নির্বাচনে রক্ষণশীলদের শক্তিশালী প্রার্থীকে ১ হাজার ১৩৮ ভোটে হারিয়েছিলেন টিউলিপ। পরে তিনি বিরোধী দল নেতা জেরমি করবিনের ছায়া মন্ত্রিসভারও সদস্য হয়েছিলেন।

টিউলিপ গতবার পেয়েছিলেন ২৩ হাজার ৯৭৭ ভোট; তার প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থী পান ২২ হাজার ৮৩৯ ভোট।

শেখ রেহানার মেয়ে টিউলিপ এবার ভোট বাড়িয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪টি; অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বীর ভোট কমে হয়েছে ১৮ হাজার ৯০৪টি।

এদিকে দুই বছরের ব্যবধানে এবার ১৩ হাজার ভোটে জিতেছেন রূপা। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৭ ভোট; তার প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থী পান ১৯ হাজার ২৭২ ভোট।

১৯৭২ সালে ইলিংয়ে জন্ম নেওয়া রূপা হক ১৯৯১ সালে লেবার পার্টির সদস্য হন।

তিনি কেমব্রিজে পড়েছেন রাজনীতি, সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ে। কিংস্টন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন সমাজ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, গণমাধ্যম ও সংস্কৃতি অধ্যয়নের মতো বিষয়। পার্লামেন্ট সদস্য হওয়ার আগে তিনি ডেপুটি মেয়র হিসাবে স্থানীয় কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন।

রুশনারা আলীও জিতেছেন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসন থেকে; এটা তার তৃতীয় জয়।

সর্বশেষ নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি নারী রুশনারা।

সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। দর্শন,রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক।

এবারের নির্বাচনে মোট ১৪ জন বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে আটজনই লেবার পার্টির হয়ে; বাকিদের চারজন স্বতন্ত্র প্রার্থী, লিবারেল ডেমোক্রেট ও ফ্রেন্ডস পার্টির হয়ে লড়ছেন একজন করে।