২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে নবীকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

ফেইসবুক স্ট্যাটাসে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 11:12 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

গ্রেপ্তার পল্লব আহমেদ (২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের ৪০তম আবর্তনের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার  ভোররাতে মানিকগঞ্জের শিবালয় থানার টেপরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শিবালয় থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার পল্লবের বিরুদ্ধে আশুলিয়া থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে একটি জিডি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ইমরান ফয়সাল।

পরে আশুলিয়া থানার দেওয়া তথ্য অনুসারে পল্লবের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার ভোররাতে শিবালয়ের টেপরায় পল্লবের বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।

“গ্রেপ্তারের পর শিবালয় থানায় পল্লবের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। এখন সে ডিবির হেফাজতে আছে, ডিবি এ মামলার তদন্ত করবে।”

মামলার বাদী ইমরান ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্লব গত ২৪ মে তার ফেইসবুক ওয়ালে জঙ্গিবাদের সঙ্গে মহানবী (স.) কে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। সে তার লেখার দ্বারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আমি মামলা করেছি।”

পল্লব বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি হলেও লেখাপড়া শেষ করতে পারেননি বলে জানান তার বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের ৪১তম আবর্তনের শিক্ষার্থী মুশফিক আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্লব আহমেদ স্নাতকের সপ্তম সেমিস্টারের ফাইনালে লিখিত পরীক্ষা দিলেও মৌখিকে অংশ নেয়নি এবং পরবর্তীতে ইন্টার্নও সমাপ্ত করেনি।”

নবীকে নিয়ে স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় সমালোচনা এলে পল্লব ২৫ মে আরেক ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছিলেন।