সাবেক কাস্টমস পরিদর্শক দেলোয়ারের পাঁচ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সাবেক কাস্টমস কর্মকর্তা দেলোয়ার হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় স্ত্রী ও ছেলেকে অভিযোগ থেকে খালাস দিয়ে দেলোয়ারকে প্রায় ২৮ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ রায় দেন।
আদালতটির পেশকার আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার পর দেলোয়ার হোসেনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
“অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী ফেরদৌস আরা ও ছেলে মুনজিল মুরশিদকে খালাসের আদেশ দেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি ২৭ লাখ ৪৮ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।”
রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
২০১১ সালের মে মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর পল্টন থানায় এ মামলা করে দুদক।
এতে দেলোয়ার হোসেন, তার স্ত্রী ফেরদৌস আরা এবং ছেলে মুনজিল মুরশিদকে আসামি করা হয়। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
