২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে ফ্লাইওভার দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন মৌচাক-মগবাজারে ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহত তিনজনের পরিবারকে এক কোটি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 03:20 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রুল জারি করে।

আগামী চার সপ্তাহের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, ফ্লাইওভার নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও রমনা থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ মার্চ রাজধানীর মালীবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার তোলার সময় সেটি ক্রেন থেকে ছিঁড়ে পড়ে স্বপন মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন পলাশ ও নূর নবী নামের দুই ব্যক্তি।

নিহত স্বপন নির্মাণাধীন ওই ফ্লাইওভারেরই শ্রমিক। তার বাবার নাম আজিম উদ্দীন। বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কুমারপুরে। আহতদের মধ্যে নূর নবী শাহ সিমেন্টের গাড়িচালক ও পলাশ প্রকৌশলী।

দুর্ঘটনার পরদিন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন।

ওই ঘটনায় গত ৩ জুন মানবাধিকার সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে হাই কোর্টে একটি রিট আবেদন হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম।

পরে আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। একইসঙ্গে মৃত স্বপন মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়টি দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে রমনা থানার ওসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।   

“আমরা আদালতকে বলেছি জনগণের নিরাপত্তা দিতে সরকার আইনগতভাবে বাধ্য। কিন্তু এই ফ্লাইওভার নির্মাণে জনগণের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখানে সরকারের অবহেলা ছিল।

“আদালত নিহত স্বপন মিয়ার পরিবারকে ৫০ লাখ ও আহত অপর দুজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে রুল জারি করেছেন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কর্তৃপক্ষের অবহেলা, অসতর্কতা এবং দায়িত্বে অবহেলার কারণে কারো ক্ষতি বা মৃত্যু হলে ক্ষতিপূরণের পরিমাণ কত হবে কিংবা ক্ষতিপূরণ কিভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে কোনো গাইডলাইন নাই আমাদের।”

আইনজীবী আবদুল হালিম জানান, এর আগে রাজধানীর শ্যামপুরে নালায় পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল দিয়েছিল আদালত। তাছাড়া রাজধানীর পল্টনে কালভার্ট রোডে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মৃত্যুর ঘটনায়ও ক্ষতিপূরণ হিসেবে এরকম কাছাকাছি একটা পরিমাণ ধরা হয়েছিল।

“সে কারণেই এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে নিহত ব্যক্তির পরিবারকে ৫০ লাখ ও আহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে আর্জি জানানো হয়েছিল।”

পুরনো খবর:

মালিবাগে গার্ডার দুর্ঘটনা তদন্তে কমিটি
মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ১