ধানমণ্ডির ৩ রেস্তোরাঁর বিরুদ্ধে অবমাননার রুল
ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য সংরক্ষণে উচ্চ আদালতের রায় না মানায় তিন রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
‘ক্যাফে সোই থ্রি’, ‘বিটার সুইট’ ও ‘ফর্ক নাইফ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।
আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, ওই তিন রেস্তোরাঁর মালিককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।
ধানমণ্ডি আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থাকার কারণে সেখানে বসবাসকারীদের জীবন-যাত্রা বিঘ্নিত হওয়ার অভিযোগ এনে ওই এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে ২০১১ সালে হাই কোর্টে রিট আবেদন করেন স্থানীয় দুই বাসিন্দা এম এ মাসুদ ও এম এ মতিন।
প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারি করে এবং ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ধানমণ্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়।
রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন রায় দেয় হাই কোর্ট। রায়ে তিন বছরের মধ্যে ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।
সে আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গত ১ জানুয়ারি আইনি নোটিস পাঠানো হলেও সেগুলো সরানো হয়নি বলে মনজিল মোরসেদ জানান।
তিনি বলেন, “সে কারণেই সোমবার আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনের শুনানি নিয়েই আদালত আজ রুল দিয়েছে।”
