২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার মাঈদুলকে ক্ষমা চাইতে বললেন মির্জা আজম

‘অসত্য তথ্য’ দিচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামকে ক্ষমা চাইতে বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 06:29 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

বুধবার সংসদে প্রশ্নোত্তরপর্বে মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন মির্জা আজম।

মাঈদুল এসময় এক সম্পূরক প্রশ্নে বলেন, “পাটকলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোর রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উত্তর দিতে উঠে আজম বলেন, “মাননীয় সংসদ সদস্য অসত্য তথ্য উপস্থাপন করেছেন। ওনারা ক্ষমতায় থাকাকালে পাটকে ধ্বংস করেছেন। পাটকে বেসরকারিকরণের নামে সব জুট মিল বিক্রি করে দেওয়া হয়। পাট চাষীদের পেটে লাথি দিয়েছে। পাটের ঐতিহ্য ফিরে এসেছে এটা ওনাদের পছন্দ হয় না। এই অসত্য তথ্য উপস্থাপনের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন।”

এরপর আরেক সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির ক্ষমতায় থাকাকালে সবচেয়ে বেশি পাট রপ্তানি রয়েছে বলে দাবি করেন দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য জিয়াউদ্দীন আহমদ বাবলু।

তিনি বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে পাটের বিকাশে চেষ্টা করেছে। সবচেয়ে বেশি পাট রপ্তানি হয়েছে এরশাদের সময়। বিএনপির সময়েই পাট শিল্প ধ্বংস করেছে, আদামজী বন্ধ করেছে। এসব তথ্য পাট মন্ত্রণালয়েই আছে।”

এরপর প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় পার্টি হিসেবে বলেছেন। যিনি অসত্য তথ্য উপস্থাপন করেছেন, প্রশ্ন কর্তা (মাঈদুল) তিনিও একসময় বিএনপির মন্ত্রী হিসেবে পাট মন্ত্রণালয়ে ছিলেন। এরশাদের সময় বেসরকারিকরণ করা হয়। বিএনপি আমলেই পাটকল ধ্বংস করা হয়েছে।

“প্রশ্নকর্তা নিজেই বিএনপি আমলে এই পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি অসত্য তথ্য দিচ্ছেন। বয়স হয়েছে, উনি চোখে দেখেন না।”