২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরার ক্ষতি নিরূপণ হলেই ব্যবস্থা: ত্রাণ মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় মোরায় ক্ষয়ক্ষতি নিরূপণ শেষ হলে ক্ষতি পোষাতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 07:06 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণ সচিবের দায়িত্বে থাকা এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, “ক্ষয়ক্ষতির বিবরণ অনুযায়ী কাজ করব। যেখানে বাড়িঘর দরকার হবে বাড়িঘর প্রস্তুত করে দেব, টিন দেব, খাবার দিচ্ছি।

“কৃষিতে পুনর্বাসনের জন্য ‍কৃষি বিভাগের সঙ্গে কথা বলব। শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্ষতি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করব। মৎস ও প্রাণিসম্পদের যে ক্ষতি হয়েছে… স্ব স্ব বিভাগের সঙ্গে কথা বলে আন্তঃমন্ত্রণালয় সভা করে পদক্ষেপ নেব।”

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার সকালে বাংলাদেশ উপকূলে আঘাত হানার পর ইতোমধ্যে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে।

এর মধ্য উপকূলীয় জেলাগুলো থেকে ইতোমধ্যে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ঝড়ে প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

তবে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও ক্ষয়ক্ষতির বিবরণ তৈরি করা সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা।

একটি শিশু আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মারা গেছে জানিয়ে গোলাম মোস্তফা বলেন, “চকরিয়ার গাছচাপায় একজনের মৃত্যুর খবর পেয়েছি, আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।”

তিনি বলেন, মোরার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালি, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও বরগুনা জেলার জন্য এক হাজার ৪০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে ১৪ জেলার জেলা প্রশাসকদের মোট এক কোটি ২৭ লাখ টাকা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “লাগলে আরও অর্থ দেব, আমরা প্রস্তুত আছি।”

মহাবিপদ সংকেতের পর ৪ লাখ ৬৮ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছিল জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, দেশে ৩ হাজার ৬০০ আশ্রয়কেন্দ্র থাকলেও এর বাইরেও মসজিদ, মাদ্রাসা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছিল।

বড় দুর্যোগের সময় ত্রাণমন্ত্রী ও সচিব দেশের বাইরে থাকায় কোনো সমস্যা হচ্ছে কি না- এমন প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা বলেন, “সমস্যা কেন হবে? আমরা তো আছি, আপনারাও তো আছেন।

“তারা সরকারি দায়িত্ব পালন করতে (বিদেশ) গেছেন। উনারা তো জানতেন না এ রকম একটা ঘটনা ঘটবে। তাছাড়া আমরা যারা আছি আমরা তো তার কাজ করি। আমরা সবাই কাজ করতে পারি।”

মেক্সিকোর কানকুনে ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ২৩ মে ঢাকা ছাড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সচিব শাহ কামাল। মায়া ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ৩১ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।