কার্যপরিধি বুঝতে বৈঠকে বসছে পিটিশন কমিটি
সংসদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা তৈরির জন্য গঠিত পিটিশন কমিটির কাজ আসলে কী হবে- সেই প্রশ্নের উত্তর খুঁজতে সংসদের এই কমিটির দ্বিতীয় বৈঠক বসছে মঙ্গলবার।
গত বছরের মে মাসে এই কমিটির প্রথম বৈঠকে কার্যপরিধি নিয়ে প্রশ্নটি সামনে আসে। তার আগে প্রায় দশ বছর সংসদের পিটিশন কমিটির কোনো বৈঠক হয়নি।
কোন কোন বিষয়ে একজন নাগরিক কমিটির কাছে পিটিশন করতে পারবে তা নিয়ে ওই বৈঠকে জটিলতা দেখা দেয়।
সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে, এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না, যা (ক) বাংলাদেশের যে কোনো অংশে আওতাধীন কোনো আইন-আদালতের বিচারাধীন কোনো বিষয় অথবা বিচার বিভাগীয় বা আধা-বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী সংবিধিবদ্ধ ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের কাছে কিংবা কোনো বিষয় অনুসন্ধান বা তদন্ত করার জন্য নিযুক্ত কোনো কমিশন বা তদন্ত আদালতের সম্মুখে নিষ্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে; (খ) যা কোনো বাস্তব বা সিদ্ধান্ত-প্রস্তাব, প্রস্তাবের মাধ্যমে উত্থাপন করা যায়; অথবা (গ) যা আইনের মাধ্যমে কিংবা সরকার বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের প্রণীত বিধি, উপ-বিধি বা প্রবিধানের মাধ্যমে সমাধান করা যায়।
কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী সে সময় সাংবাদিকদের বলেছিলেন, কার্যপ্রণালি বিধিতে পিটিশন করার বিষয়গুলো সুনির্দিষ্ট করা আছে। বিধি ১০০ এর উপ-বিধি ৩ (গ) তে বলা আছে, যা আইনের মাধ্যমে কিংবা সরকার বা দায়িতপ্রাপ্ত কর্তৃপক্ষের প্রণীত বিধি, উপ-বিধি বা প্রবিধানের মাধ্যমে সমাধা করা যায়, এমন বিষয় পিটিশন হিসেবে গ্রহণযোগ্য হবে না।
“যে কোনো বিষয়ের সমাধানের জন্য কোনো না কোনো উপায় আছে। তাহলে এখানে পিটিশন কমিটির কাজ কী?”
কমিটির প্রথম বৈঠকে বিষয়টি আলোচনায় উঠলে ভারতের লোকসভা-রাজ্যসভা ও ব্রিটিশ পার্লামেন্টের পিটিশন কমিটির কাজ নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত পিটিশন হয়েছে সেগুলোর ওপর একটি প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, কমিটির বৈঠক সামনে রেখে এরই মধ্যে সেই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে পিটিশন কমিটির কাজের পরিধি নিয়ে আলোচনা হতে পারে।”
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলমান দশম জাতীয় সংসদে এখন পর্যন্ত তিনটি পিটিশন জমা পড়েছে। সবগুলোই নথির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। কমিটির বৈঠকে সেগুলো আসেনি।
পিটিশনগুলো ছিলো- মৌলভীবাজারে স্থানীয় একটি রাজনৈতিক সভায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ, ধূমপান ও তামাকজাত দ্রব্য আইনের বিধিমালা প্রণয়ন এবং উচ্চ আদালতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিষয়ে।
স্পিকারের সভাপতিত্বে পিটিশন কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, মো. আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবের হোসেন চৌধুরী, শেখ মো. নূরুল হক, মহীউদ্দীন খান আলমগীর ও মইন উদ্দীন খান বাদল।
