২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিবি সম্মেলনের খবর না দেখে ক্ষুব্ধ অর্থমন্ত্রী

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সম্মেলন নিয়ে বাংলাদেশের পত্রিকায় কোনো প্রতিবেদন না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2017, 12:08 AM

Updated : 19 Aug 2022, 04:41 PM

সচিবালয়ে রোববার এক সভার পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমার একটা প্রশ্ন আছে আপনাদের (সাংবাদিক) কাছে। … আমার প্রশ্নটা হল- এই কদিন আগে ভেরি ইমপরটেন্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট…

“দেয়ার ওয়াজ নো রিপোর্টিং ইন বাংলাদেশ অ্যান্ড নো নাথিং ইন বাংলাদেশ ওন দ্যাট।”

গত ১৫ থেকে ১৮ মে সৌদি আরবের জেদ্দায় আইডিবির বার্ষিক সম্মেলনে যোগ দেন অর্থমন্ত্রী, যেখানে আইডিবির ৬৮টি সদস্য দেশ অংশ নেয় বলে জানান অর্থমন্ত্রী।

বেশ উচুস্বরে মুহিত বলেন, “বাংলাদেশের কোনো কাগজে এ সম্বন্ধে একটা কথাও নাই। একটা সম্মেলন হচ্ছে জেদ্দাতে একটা কথাও নাই, হাউ কাম? হাউ হ্যাজ দি জার্নালিজম ইন বাংলাদেশেজ গন টু ডগস! আমি আটটা কাগজ দেখেছি, কোথথাও একটা শব্দ নাই। এটা কী করে হল?”

সম্মেলন চলাকালে সৌদিতে কয়েকজন (বাংলাদেশি) সাংবাদিককে প্রতিদিন ব্রিফ করেছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “তারা আমার সময় নিয়েছে … কার জন্য কাজ করে তারা?”

এরপর সাংবাদিকরা মন্ত্রীকে জানান, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সৌদি আরব সংবাদদাতারা ওই সম্মেলন কাভার করেছেন।

তারা বলেন, ঢাকার সাংবাদিকরা কোনো তথ্য পাননি। সৌদি আরব থেকে কোনো বিবৃতিও আসেনি। আইডিবির কোনো মুখপাত্রের ভাষ্যও পাওয়া যায়নি।

এরপর মুহিত বলেন, “অ্যানিওয়ে ইটস ভেরি স্যাড। একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স… বাংলাদেশ জানেই না যে আন্তর্জাতিক সম্মেলন-টম্মেলন হয়েছে।”

আইডিবির সম্মেলন নিয়ে কোনো খবর জানাবেন কি না- এমন জিজ্ঞাসায় অর্থমন্ত্রী বলেন, “না, তেমন কিছু না, ওটা আইডিবির সাধারণ সভা ছিল, নতুন প্রেসিডেন্টের মেয়াদে এটা প্রথম সভা হল।

“ওই সম্মেলনে বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্বে ছিল।”