২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ৫ দফা

চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে তথ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 09:33 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে মতবিনিময় সভায় সমিতির নবনির্বাচিত পরিষদের সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ এসব দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হল- চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাবল টিভি চ্যানেলে সদ্য মুক্তিপ্রাপ্ত দেশি-বিদেশি পাইরেটেড সিনেমা প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, প্রতিটি সিনেমা হলকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্যপদ গ্রহণ, মুক্তি প্রতীক্ষিত সিনেমার পোস্টারের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনে স্থায়ী বিলবোর্ড স্থাপন এবং দেশব্যাপী সিনেমা হল সংস্কারে সরকারের বরাদ্দ বৃদ্ধি।

সভায় দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়নে প্রতিযোগিতামূলক ব্যবস্থার ‘বিকল্প নেই’ উল্লেখ করে সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, “উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একান্ত প্রয়োজন।”

প্রেক্ষাগৃহের মন্দাবস্থা উল্লেখ করে তিনি বলেন, “প্রতিযোগিতার সময়েই আমাদের চলচ্চিত্রকার, শিল্পী ও কলাকুশলীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে দেশের মানুষকে সিনেমামুখী করেছিল। এখন প্রতিযোগিতা নেই, সিনেমার মান পড়তি, হলে দর্শক নেই, হাজার হাজার হল বন্ধ হয়ে চলচ্চিত্র প্রদর্শকদের মাথায় হাত, ধ্বংসের মুখে দেশের এই বিশাল শিল্প।”

সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ, সহ-সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, কার্যকরী সদস্য মেহমুদ হোসেন, মো. আজগর হোসেন ও মিঞা আলাউদ্দিন মতবিনিময়ে অংশ নেন।

আকাশ সংস্কৃতির এই যুগে যখন নতুন সিনেমা ইন্টারনেটেই দেখা যায়, তখন সিনেমা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনার দাবি তোলেন তারা।

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “শেখ হাসিনার সরকার চলচ্চিত্রকে শিল্প ও চলচ্চিত্র দিবস ঘোষণা করার মাধ্যমে চলচ্চিত্র জগতকে এগিয়ে নেয়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তা এগিয়ে নিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে দাবিগুলো নিষ্পত্তি করা হবে।”

তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র) মো. ইউছুব আলী মোল্লা সভায় উপস্থিত ছিলেন।