রানা প্লাজা: দুর্নীতির মামলায় রানাসহ ১০ জনের বিচার শুরু
সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগের গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতোয়ার রহমান এই আদেশ দিয়ে ৫ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলা থেকে ৮ জনকে অব্যাহতি দিয়েছেন।
সোহেল রানা ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা খাতুন বেগম, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব।
চার বছর আগে সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় এ মামলা করেন।
অভিযোগপত্র জমা থেকে শুরু করে তৃতীয় দফায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক সোহেল রানা ও বাবা-মাসহ ১৮ জনকে আসামি করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
এদের মধ্যে অব্যাহতি পেয়েছেন- মোহাম্মদ আলী খান, মাসুদ রেজা, সাজ্জাদ হোসাইন, মর্জিনা বেগম, আবুল বাসার, আমিনুল ইসলাম, বজলুস সামাদ ও আনিসুর রহমান।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘রানা প্লাজা’ নামে ছয়তলা একটি শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৬ সালের ১০ এপ্রিল নকশা অনুমোদন করে সাভার পৌরসভা। ২০০৮ সালের ২২ জানুয়ারি ওই ছয়তলা ভবনের ওপর আরও চার তলা নির্মাণের অনুমোদন চাওয়া হয়।
(ফাইল ছবি)
এ মামলার সার্বিক তদারককারী ও দুদকের পরিচালক তাহিদুল ইসলাম দুই বছর আগে প্রতিবেদন দেওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে কোনো রকম নিয়ম-নীতি মানা হয়নি এবং নকশা বহির্ভূতভাবে এই ভবন নির্মাণ করা হয়। ভবনের মালিকের নামের জায়গায় সোহেল রানার বাবা-মায়ের নাম থাকলেও ভবন নির্মাণে প্রভাব খাটানো থেকে শুরু করে আর্থিক অনিয়ম ও যাবতীয় দুর্নীতি সোহেল রানাই করেছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।”
দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন ব্যাংকে প্রায় ২৩টি হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন সোহেল রানা। তার মালিকানায় রয়েছে সাভারে একটি পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি এবং রানা ব্রিকস ও এম কে ব্রিকস নামে দুটি ইটভাটা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক।
শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ ওই ঘটনার গ্রেপ্তার ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগে এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আরও দুটি মামলা চলছে।
