ভুয়া ডিবির কাছে নকল পিস্তলও উদ্ধার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জামসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে নানা অপরাধ করে বেড়াত’ বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, দুটি নকল পিস্তল, গোয়েন্দা পুলিশের কয়েকটি জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
পরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ (পূর্ব) রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৯ জনকে গ্রেপ্তার করে।
“তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি চাপাতি, চারটি ছুরি, একটি ওয়াকিটকি, তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, দুটি হ্যান্ডকাপ, দুটি বেতের লাঠি, একটি ব্যাগ ও দুটি ডিবি স্টিকার উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত দুটি কার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।”
এর আগে সন্ধ্যায় রমনায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব কনভেনশন সেন্টারের (হোটেল শেরাটন ইন্টারন্যাশনালের দক্ষিণে) পেছনের অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, লিটন খান, বাবলু মিয়া ওরফে আকাশ, মনির হোসেন (১), ছাইদুর রহমান, মনির হোসেন (২), মাহমুদুল হাসান ওরফে মুন্না ও আফজাল হোসেন শাহীন।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, এক জোড়া হাতকড়া, ১৭টি অব্যবহৃত প্রিপেইড মোবাইল সিম, সাতটি মোবাইল সেট, একটি সেনাবাহিনীর জ্যাকেট, পুলিশের মনোগ্রামসম্বলিত একটি পরিচয়পত্রের কাভার উদ্ধার করেছে পুলিশ।
এই দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
