২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ও মৃত ব্যক্তিকে আসামি করে মামলাকারীকে তলব

মারধর ও চুরির একটি মামলায় শিশু এবং মৃত ব্যক্তিকে আসামি করায় বাদী হাবিবুর রহমানকে তলব করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 04:37 PM

তাকে আসামি ২৩ মে হাজির হতে মঙ্গলবার আদেশ দেন মহানগর হাকিম খুরশীদ আলম। সেইসঙ্গে তার কাজের লিখিত ব্যাখ্যাও আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার এ বাসিন্দার মারধর ও চুরির এই মামলায় মিরপুর মডেল থানার এসআই  এসআই মারুফুল ইসলাম অভিযোগপত্র দেওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানাও আদায় করে নিয়েছিলেন।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সম্প্রতি এসআই মারুফকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তর।

এই ঘটনায় মঙ্গলবার এসআই মারুফকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল আদালত। তিনি অসুস্থ জানিয়ে সময় চাইলে তাকে আগামী ২৮ মে হাজির হতে বলা হয়েছে।

২০১৬ সালের ২৬ জুন পাইকপাড়ার হাবিবুর রহমান তার বাড়িতে ঢুকে মারধর ও চুরির অভিযোগ এনে মিরপুর থানায় একটি মামলা করেন।

এসআই মারুফ এই বছরের ২৭ ফেব্রুয়ারি যে অভিযোগপত্র আদালতে দেন, তাতে ১০ মাসের একটি শিশু এবং মৃত আরিফুর রহমানসহ আসামি করেন।

শিশুটির বাবা আবুল কাশেমের আইনজীবী মুহাম্মাদ শফিকুল ইসলাম মামলার বাদীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আবেদন করেন।

তিনি বলেন, “মামলার বাদী এজাহারে যে ঘটনার কথা উল্লেখ করেছেন সেই ঘটনার সময় শিশুটির বয়স ছিল মাত্র ২০ দিন। অন্যদিকে অভিযোগপত্রের মৃত ব্যক্তি আরিফুর রহমান ঘটনার তিন বছর আগে মারা গেছেন। কীভাবে বাদী তাদের আসামি করলেন?”

নথিপত্রে দেখা যায়, মামলায় মোট ২৩ জনসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়। এজাহারের ২৩ জন জ্ঞাত আসামির মধ্যে শিশুটির বাবার নাম ২ নম্বরে, মৃত ব্যক্তির নাম ১২ নম্বরে এবং শিশুটির নাম ২০ নম্বরে।

তদন্ত কর্মকর্তা এসআই মারুফের অভিযোগপত্রেও একই ক্রমিক তাদের নাম। আসামি ওই ২৩ জনই।

পুরনো খবর:

শিশু ও মৃতের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া এসআই বরখাস্ত