তামাক পণ্যে কর বাড়াতে বাজেট অধিবেশনে ‘চেষ্টা করবেন’ দুই সাংসদ
তামাকজাত পণ্যকে ‘জাতীয় সমস্যা’ আখ্যায়িত করে আসছে বাজেট অধিবেশনে তামাকজাত পণ্যের দাম ও কর বাড়াতে কাজ করার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাবউদ্দীন।
মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘এমপাওয়ার পলিসি’ বাস্তবায়ন সংক্রান্ত এক সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগ জোরদার করার কথাও বলেন তিনি।
‘বাংলাদেশ অ্যান্টি টোবাকো অ্যালায়েন্স’ ও ‘ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট’ আয়োজিত সেমিনারের উদ্বোধনীতে হুইপ শাহাবউদ্দীন টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজির ৩ নম্বর উদ্দেশ্য ‘স্বাস্থ্যকর জীবন নিশ্চিত’ বাস্তবায়নে ‘তামাক নিয়ন্ত্রণের’ ওপর জোর দেন।
তামাককে ‘জাতীয় সমস্যা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “এসডিজি বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে তামাক মুক্ত করতে হবে। বিষবৃক্ষ (তামাক) চাষ বন্ধ এবং তামাক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে।
“বাজেট অধিবেশনে তামাক নিয়ন্ত্রণে যা যা সহযোগিতা করা প্রয়োজন, করব।”
সেমিনারে জানানো হয়, তামাকজনিত মৃত্য ও পঙ্গুত্ব কমিয়ে আনতে ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলে (এফটিসি) স্বাক্ষর করে বাংলাদেশ।
তামাক নিয়ন্ত্রণ ও এফটিসির বাস্তবায়নে ২০০৮ সালে এমপাওয়ার প্যাকেজ প্রণয়ন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এফটিসির আর্টিকেল-৬ বাস্তবায়ন করার লক্ষ্যে এমপাওয়ার প্যাকেজে ব্যবহার কমাতে তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক আবদুল মালিক অসংক্রামক রোগের ‘এক নম্বর কারণ’ হিসেবে সিগারেট, জর্দা, গুল, সাদাপাতাসহ সব ধরনের তামাকজাত পণ্যকে দায়ী করেন।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি বলেন, “হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, এজমা, ক্যান্সার, ডায়াবেটিসসহ সব অসংক্রামক রোগের মূলে রয়েছে তামাক। তামাক ব্যবসায়ীদের শক্তির কাছে আমাদের দেশের যুবসমাজ আজ জিম্মি।
“তামাক ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে ব্যবসা করে। আমাদের যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে এই তামাক।”
তিনি বলেন, “প্রতি সেকেন্ডে বিশ্বে ছয়জন এবং আমাদের দেশে বছরে প্রায় ৬০ হাজার মানুষ তামাক সেবনে মারা যায়। তামাক ব্যবসায়ীদের মূল টার্গেট তরুণরা, তাদের বিজ্ঞাপনেও তরুণদের আকৃষ্ট করার প্রবণতা দেখা যায়।”
সংসদ সদস্য হিসেবে সামনের বাজেটে তামাকের উপর করসহ সব ধরনের চার্জবৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান এই সংসদ সদস্য।
