রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় সরকার প্রধান বঙ্গভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপ্রধান।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ভারত ও ভুটান সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
এছাড়া হাওর এলাকার অকাল বন্যায় ক্ষয়ক্ষতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে রাষ্ট্র ও সরকার প্রথান আলোচনা করেন বলেও জানান প্রেস সচিব।
তাদের বৈঠকের সময় আইনমন্ত্রী আনিসুল হকও বঙ্গভবনে ছিলেন।
গত ডিসেম্বরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে ছিল এপ্রিলে চার দিনের ভারত সফর, যে সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি।
এছাড়া এপ্রিলে তিন দিনের সফরে ভুটান যান শেখ হাসিনা।
আগামী ২১ মে রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’- যোগ দিতে সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সাধারণত প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
