সান ম্যারিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হচ্ছে
বাংলাদেশ ও সান ম্যারিনোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির খসড়ায় অনুসমর্থন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।
তিনি বলেন, ইতালির কাছে ছোট্ট দ্বীপ দেশ সান ম্যারিনো ১৯৯২ সালে জাতিসংঘের সদস্যপদ পায়।
৬১ দশমিক ২ বর্গ কিলোমিটার আয়তনের এ দেশের জনসংখ্যা ৩০ হাজার; মাথাপিছু আয় ৫৫ হাজার ৪৪৯ মার্কিন ডলার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “জাতিসংঘের সদস্য হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হতে পারে, কিন্তু দেশটির সংবিধানে একটি বিধানে বলা আছে, সম্পর্ক স্থাপন হবে ফরমালি, দ্বিপক্ষীয়।
“ওরা আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তি দিয়েছে, আমাদের মন্ত্রিসভা সেটাকে অনুসমর্থন দিল, এখন দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন হবে।”
শফিউল বলেন, “দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন হলে কোনো বিষয়ে ভোটাভুটি হলে দেশ ছোট হলেও ভোটের ক্ষেত্রে তারা ভাল সমর্থন দেয়, সাপোর্টার হিসেবে কাজে লাগবে।”
সান ম্যারিনোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হলে বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে মন্তব্য করে শফিউল বলেন, “বাংলাদেশে দূতাবাস খুলতেও দেশটি আগ্রহ প্রকাশ করেছে।”
নেপ ডিজির মৃত্যুতে শোক
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমানের (৫৮) মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, “নেপ ডিজির অকাল মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রকাশ করেছে, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।”
১৯৮৩ সালের ১৬ জুন সরকারি চাকরিতে যোগ দেন ফজলুর রহমান। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির পর ২০১৫ সালের ১৯ জানুয়ারি নেপের মহাপরিচালক পদে যোগ দেন তিনি।
মাইক্রোবাসে করে খাগড়াছড়ি যাওয়ার পথে গত ১৩ মে চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হন ফজলুর রহমান।
