২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাশে থাকুন, ভিন্ন ঢাকা পাবেন: আনিসুল

মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে দাবি করে ‘ভিন্ন ঢাকা’ দেখতে সবাইকে পাশে চেয়েছেন মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 04:08 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

সোমবার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র বলেন, “আমি বলব, থাকুন আমাদের সঙ্গে। ভিন্ন ঢাকা আপনারা দেখতে পাবেন। প্রতি মাসেই বদলে যাবে ঢাকা।”

অনুষ্ঠানের শুরুতে গত দুই বছরে উত্তর সিটি করপোরেশনের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন আনিসুল হক।

স্বাগত বক্তব্য মেয়র জানান, ঢাকা শহর বসবাসের অযোগ্য এটা তিনি মানতে চান না।

“অনেকে বলে ঢাকা শহর বসবাসের অযোগ্য। আমি এর সঙ্গে একমত নই। কারণ ঢাকা শহরে প্রতি বর্গকিলোমিটারে ৯২ হাজার লোক বাস করে। এত লোককে ম্যানেজ করা কঠিন। ঢাকা একটি ভিন্ন ধরনের শহর। এক সময় জীবনমানে নিচের দিক থেকে প্রথম সারিতে ছিল, এখন একটু উন্নতি হয়েছে।”

২০১৫ সালের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন আনিসুল হক। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন ওই বছরের ১৪ মে।

দুই বছরে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান মেয়র।

তিনি বলেন, “দুই বছরে ৪৫০টির মতো বাড়ি, ২৭৬৭টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা সড়কের পরিমাণ ৩ লাখ ৩০ হাজার বর্গফুট।”

মেয়র হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক লাখ ৭৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে জানিয়ে মেয়র বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের এসব ব্যানার ফেস্টুন তুলে দেয়া অনেক কঠিন ছিল।

“এসব ব্যানার ছিল বিভিন্ন রাজনৈতিক দলের। ব্যানার-ফেস্টুন লাগানোর দায়ে কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আমি অনেকের বাসায় গিয়েছি। তাদের অনুরোধ করেছি সেগুলো সরিয়ে নিতে। আমাদের কথায় অনেক কাজ হচ্ছে। এখন শহরে আগের চেয়ে অনেক কম ব্যানার দেখা যায়।”

তবে মশা নিধন করতে গিয়ে বেশি বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।

“এই ব্যাপারটি নিয়ে মেয়র কাহিল, মেয়রের বাড়িতেও মশা আক্রমণ করে। তবে মশক নিধনের জন্য আমরা তৎপরতা আরও বাড়িয়েছি। এবার বাজেটে ২৫ কোটি টাকা রেখেছি মশক নিধনের জন্য।”

মতবিনিময় সভায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজের এলাকা লালমাটিয়ার উন্নয়নের দিকে নজর দিতে মেয়রকে আহ্বান জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। 

জবাবে মেয়র জানান, ওই এলাকার উন্নয়নে প্রকল্প নেওয়া হচ্ছে।

উত্তর সিটি করপোরেশন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হলেও সংস্কৃতিগত তেমন উন্নয়ন হচ্ছে না বলে জানান বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

তিনি বলেন, “মানসিক উন্নয়নের জন্য যে অবকাঠামো দরকার তা দেখছি না। আমি মনে করি, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সংস্কৃতি, নতুন প্রজন্মের মানসিক বিকাশের জন্য কয়টি মাঠ, পাঠাগার, ব্যায়ামাগার হবে, মানসিক উন্নয়নের জন্য কি কি কাজ করবেন?”

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ উদ্যোগকে সাধুবাদ জানান প্রথম আলোর যুগ্ম-সম্পাদক আবদুল কাইয়ুম। তবে খালগুলো ‘ক্লিন’ থাকবে কি না তা মেয়রের কাছে জানতে চান তিনি।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অভিযোগ করেন, সাতরাস্তা এলাকায় প্রধান সড়ক থেকে ট্রাক স্ট্যান্ড সরালেও পাশের সড়কগুলো ট্রাকের দখলে চলে গেছে। তেজগাঁও এলাকার প্রায় সব সড়ক যানবাহনের দখলে চলে গেছে। কারওয়ানবাজার ঠিক সময়ে সরানো সম্ভব হবে কি না জানতে চান তিনি।

এসব প্রশ্নে মেয়র এ বছরের মধ্যেই কারওয়ানবাজার থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়া হবে জানিয়ে বলেন, “কারওয়ানবাজার ৫০ বছরের ‘বিষফোঁড়া’। এটা সরিয়ে নিতে গত এক বছর ধরে আলোচনা চলছে। কারওয়ানবাজারের ৭০ ভাগ এলাকা খালি হয়ে যাবে।”

রাস্তাঘাট, ড্রেন তৈরির চাপ অনেক বেশি থাকায় এখনও সাংস্কৃতিক খাতে সেভাবে নজর দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান আনিসুল হক।

তবে রাজাবাজারে একটি পাঠাগার করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, মিরপুরের শাহআলী এলাকায় আরেকটি পাঠাগার করা হবে।

ঢাকার খালগুলো দখলমুক্ত রাখার বিষয়ে মেয়র বলেন, খালগুলো দেখার কাজ সিটি করপোরেশনের নয়। ওয়াসা এবং জেলা প্রশাসনের। এ কাজের জন্য সিটি করপোরেশন থেকে চাপ তৈরি করা হচ্ছে।”

খাল দখল ‘মোটামুটিভাবে’ বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।