গ্রিন রোডে সড়কে ধস
বৃষ্টির মধ্যে রাজধানীর ফার্মগেইটের কাছে গ্রিন রোড সংলগ্ন একটি গলির মাটি সরে গিয়ে রাস্তায় বড় ধস হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাহানারা গার্ডেন আবাসিক এলাকার প্রবেশমুখের ওই রাস্তা ধসে গ্যাসপাইপ ছিদ্র হলেও তা মেরামত করা হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় তিন ঘণ্টা ধরে জন্য গ্যাস সরবরাহ ও দুপুর পর্যন্ত বন্ধ ছিল পানি সরবরাহ বন্ধ ছিল বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইমার্জেন্সি টিমের কর্মকর্তা সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস পাইপের লিকেজ মেরামত করা হয়েছে।
ওয়াসা পানির লাইন ফেটে মাটি সরে গিয়ে সড়কটিতে ধস নেমেছে বলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনাস্থলে ওয়াসা ও সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থার লোকজন কাজ করছে। ওয়াসার মেরামত কাজের পর সিটি করপোরেশন রাস্তা ঠিক করার কাজ শুরু করবে।”
রাস্তা একেবারে পাশেই নির্মাণকাজও ধসের জন্য দায়ী বলে মনে করেন জাহানারা গার্ডেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এ এম সাদউল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আকাঙ্খা গ্রুপ গত ছয়মাস ধরে সেখানে নির্মাণ চালিয়ে যাচ্ছে। তাদের পাইলিং পিলার ও সড়কের মধ্যে প্রায় দুই ফুট জায়গা ফাঁকা ছিল দীর্ঘদিন। সেই খালি জায়গা দিয়ে অনবরত বৃষ্টির পানি গিয়ে মাটি ধুয়ে রাস্তার তলদেশ ফাঁকা করেছে।
“এছাড়া নির্মাণকাজে ব্যবহৃত ভারী যানবাহনগুলো রাস্তার ক্ষতি করেছে। বার বার বলেও তাদেরকে থামানো যায়নি।”
আকাঙ্খা গ্রুপের মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রাস্তায় কনক্রিটের ঢালাইয়ের নিচে বড় অংশ ফাঁফা রয়েছে। এটিই ধসের কারণ।
“রাস্তার নিচের মাটি গেল কোথায়? হতে পারে সুয়ারেজ লাইন নির্মাণের সময় পর্যাপ্ত মাটি দিয়ে ভরাট করা হয়নি। ফলে সুয়ারেজের পানির সাথে একটু একটু করে মাটি ভেসে গেছে,”
সকালে দুর্ঘটনার পর পর সিটি করপোরেশন, তিতাস, ওয়াসাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।
