দুর্নীতি-অর্থপাচারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান
দুর্নীতি, লুটপাট, কালোটাকা, অর্থপাচারকে ‘মহাসঙ্কট’ হিসেবে উল্লেখ করে এসবের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন আইনজ্ঞ, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, গণতন্ত্রহীনতা, সুশাসনের অভাবের পাশাপাশি রাষ্ট্র-সমাজের এই উপাদানগুলো এক মহাসঙ্কটের সৃষ্টি করেছে। এসবের বিরুদ্ধে ঐক্যমতে এসে এদের প্রতিহত করতে না পারলে দেশের কোনো ভবিষ্যতই থাকবে না।
শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘লিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল করাপশন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রবীণ এই আইনজীবী বলেন, “ঐতিহাসিক অনেক বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে। কিন্তু দুর্নীতি, লুটপাট, কালোটাকা, অর্থপাচার প্রতিহত করতে আমাদের দ্বিমত থাকার কথা না। এগুলোই এখন আমাদের জাতীয় জীবনের মহাসঙ্কট। এই মুহূতে আমাদের দায়িত্ব হলো জাতীয় ঐক্যমত্যে আসা। যদি আসতে না পারি তাহলে লাভবান তারাই হবে, যারা আমাদের ক্ষমতাহীন করে রেখেছে, পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।”
২০১৪ সালে বাংলাদেশ থেকে ৮৯৭ কোটি ডলার (৭০ হাজার কোটি টাকার বেশি) পাচার হয়েছে বলে সম্প্রতি গ্লোবাল ফাইনানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়েছে।
বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গও টানেন কামাল হোসেন।
“নির্বাচনের কথা হচ্ছে। কালোটাকা মুক্ত নির্বাচন করতে না পারলে তাহলে সেটা নির্বাচন হবে না। হলেও সে নির্বাচনে জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। অর্থপূর্ণ গণতন্ত্র, জনগণের নিয়ন্ত্রিত গণতন্ত্র হবে না।
“এখন কোনো নির্বাচন ৫ কোটি টাকার নিচে করা যায়? একজনও পাওয়া যাবে না, যিনি বলবেন করা যায়। এখনকার নির্বাচনে ৫ কোটি টাকা তো সামান্য ব্যয়। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। অথচ সংবিধানকে লঙ্ঘন করেই আমরা জনপ্রতিনিধি বনে যাচ্ছি। ফলে সবকিছু মিলিয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যত বিচ্ছিন্ন হয়ে থাকব ততই লাভ হবে ওদের, যাদের প্রধান অস্ত্রই হলো বিচ্ছিন্ন করা এবং শাসন করা।”
বার্ষিক প্রবৃদ্ধি (জিডিপি) দিয়ে দেশের উন্নয়ন দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, “প্রতি বছরই বলা হচ্ছে গত বছরের তুলনায় জিডিপি এত বৃদ্ধি পেয়েছে। তাতে লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে কিছু লোকের। যারা সুইস ব্যাংকে টাকা পাচার করছে। সকল মানুষ সমানভাবে বাঁচতে না পারলে, সমান সুযোগ না পেলে কোনো উন্নয়নই টেকসই হবে না। মুক্তিযুদ্ধেররও স্বপ্ন ছিল এটি, যা সংবিধানে সন্নিবেশন করা হয়েছে।”
তিনি বলেন, “দুর্নীতি, কালোটাকা যেমন রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে তেমনি রাজনীতিও এসবের পৃষ্ঠপোষক হয়ে কাজ করছে। রাজনীতি এবং এসবের মধ্যে একটি সম্পূরক সম্পর্ক দাঁড়িয়ে গেছে। যা আমাদের সুশাসন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্রমাগত বাধাগ্রস্ত করছে।”
“কালোটাকা সাদা করার সুযোগ দিলেই দেশ দুর্নীতিমুক্ত হবে, অর্থনীতি কালোটাকা মুক্ত হবে, এটা ভুল ধারণা। বরং এতে দুর্নীতিকে আরো প্রশ্রয় দেওয়া হবে। কারণ দুর্নীতি এখন আলাদা বা বিচ্ছিন্ন কিছু না। সমাজের প্রতিটি স্তরে সবকিছুতে দুর্নীতি জায়গা করে নিয়েছে। এর প্রধান পৃষ্ঠপোষক হলো আমলাতন্ত্র এবং রাজনীতি।”
রেহমান সোবহান বক্তব্যে চিনের অর্থনীতির উদাহরণ টেনে বলেন, “চিনের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড়। অর্থনীতির চেয়েও বড় কথা হলো, চিনের অর্থনীতি এখন বিশ্বের সবচেয়ে টেকসই অর্থনীতি। সেখানে বিএমডব্লিও, মার্সিডিজের আধিক্য না থাকলেও চিনের প্রতিটি জনগণ প্রতিদিন সরকারের ফাংশানিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে।
“একটি সমষ্টিক ঐক্য রয়েছে তাদের মধ্যে। ফলে সমাজে এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছে। যেটি ইউরোপের উন্নত দেশগুলোতে ঘাটতি রয়েছে। আর এমনটি তারা করেছে দুর্নীতি থেকে বের হয়ে এসেই। তার মানে এই না, চীনে দুর্নীতি নেই। বিশ্বের সব দেশেই দুর্নীতি আছে।”
বিশেষ অতিথি ট্রান্সেপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, “দুর্নীতিবাজরা সমাজে নানা অপরাধের জন্ম দিচ্ছে। আইনের শাসনের সমতাকে ভেঙে দিচ্ছে। ফলে টাকাওয়ালা অপরাধ করলে তাদের বিচার নিয়ে সংশয় দেখা দিচ্ছে জনমনে।”
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ বলেন, “সমাজকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে চলতে হবে। সমাজে আইনের শাসনের ব্যত্যয় ঘটলে দুর্নীতিসহ ক্ষতিকর নানা উপাদান যুক্ত হয়ে সমাজকে অস্থিতিশলি করে তুলবে এটাই স্বাভাবিক। একে রোধ করতে হলে প্রাতিষ্ঠানিক, অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে। আর এর জন্য প্রয়োজন আইনের শাসন ও শাস্তি নিশ্চিত করা।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক রেদুয়ানুল হক বলেন, “আমাদের দেশে দুর্নীতির ধারনা এবং সংজ্ঞা অস্পষ্ট। তবে দুর্নীতির সংজ্ঞা কি হওয়া উচিৎ সেটিও নির্ভর করে সমাজের উপর। সাধারণত আমরা সরকারি খাতগুলোতেই দুর্নীতি খুঁজি। কিন্তু দেশের বিশাল বেসরকারি খাতে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে, সেদিকে আমরা নজর দেই না।”
রানা প্লাজা ধস ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, “রানাপ্লাজা ধসে যে প্রাণহানী ঘটলো, জীবন-জীবিকা ধ্বংস হলো সেটি দুর্নীতিরই প্রত্যক্ষ ফসল। দুর্নীতি মানেই হচ্ছে আইন, গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আনোয়ার আহমেদ, কৃষি-অর্থনীতিবিদ শামসুল আলম, মাহবুব রেজা চৌধুরী।
‘লিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল করাপশন’ বইটি লিখেছেন অর্থনীতিবিদ, কলামনিস্ট শিক্ষক মোহাম্মদ মাজহার সিদ্দিকী।
