২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল

মেয়রের দায়িত্ব বুঝে নেওয়ার দুই বছর পূর্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি ভিডিও সম্প্রচারে আসছেন মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 07:21 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইভে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিকদের মুখোমুখি হবেন আনিসুল হক।

উত্তর সিটি করপোরেশনের নাগরিকদের প্ল্যাটফর্ম ‘আমরা ঢাকা’য়ও মেয়রের লাইভ সরাসরি দেখা যাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনজুর এ মাওলা বলেন, লাইভে থেকে দায়িত্ব গ্রহণের দুই বছরের অভিজ্ঞতা নগরবাসীর সঙ্গে ভাগাভাগি করবেন মেয়র। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ শুনবেন এবং জবাব দেবেন।

মেয়র আনিসুল কোনো জনপ্রতিনিধি হিসেবে গত বছর প্রথমবারের মতো জবাবদিহিমূলক ওয়েবকাস্টিং করেছিলেন দাবি করে তিনি বলেন, “তারই ধারাবাহিকতায় আরও বিশাল কলেবরে ও ভিন্ন মাত্রায় নাগরিকদের সামনে হাজির হবেন মেয়র।

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক ও সফল প্রয়োগকে নগরবাসীর সামনে তুলে ধরতেই এ উদ্যোগ নিয়েছেন মেয়র আনিসুল হক।”

২০১৫ সালের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন আনিসুল হক। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন ওই বছরের ১৪ মে।

এর আগে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে ২০১৬ সালের ১২ মে ফেইসবুক লাইভে এসেছিলেন আনিসুল হক।